এআই প্রযুক্তি দিয়ে আপনার প্রিয়জনের গলার নকল করে প্রতারকরা চাইছে টাকা ও তথ্য। ভয়ঙ্কর এই জালিয়াতির ফাঁদ থেকে বাঁচতে জেনে নিন কিছু জরুরি সতর্কতা।

AI ভয়েস ক্লোনিং
শেষ আপডেট: 5 August 2025 16:40
দ্য ওয়াল ব্যুরো: কাছের মানুষের গলার আওয়াজেই যদি বিপদ লুকিয়ে থাকে? হ্যাঁ, প্রযুক্তির অগ্রগতির এই যুগে সেটাই বাস্তব। কারণ এখন আর অপরাধীরা ছদ্মবেশে আসছে না, বরং আপনার প্রিয়জনের গলার আওয়াজে হুবহু কথা বলে প্রতারণা করছে। আর এই ভয়ঙ্কর খেলায় সাহায্য করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)।
AI ভয়েস ক্লোনিং কী?
সাম্প্রতিককালে AI ভয়েস ক্লোনিং-এর অপব্যবহার বেড়েই চলেছে। একবার মাত্র কয়েক সেকেন্ডের অডিও পেলেই চেনা মানুষের গলার হুবহু নকল করা যাচ্ছে। প্রতারকরা এই প্রযুক্তি ব্যবহার করে হঠাৎ করে ফোন করছে আত্মীয় বা বন্ধুর সুরে—চাইছে টাকা, ব্যক্তিগত তথ্য বা ওটিপি। এই জালিয়াতি থেকে বাঁচতে কিছু সতর্কতা অত্যন্ত জরুরি—
অপ্রত্যাশিত ফোনে সাবধান: আত্মীয় বা বন্ধুর নামে অদ্ভুত সময়ে হঠাৎ ফোন এলে সতর্ক হোন। বিশেষত যদি ফোনে বলা হয় জরুরি সাহায্যের কথা।
রোবোটিক সাউন্ড বা উচ্চারণে খটকা লাগলে সতর্ক হোন: কোনও গলাস্বর রোবটের মতো শোনালে বা উচ্চারণে অস্বাভাবিকতা থাকলে সেটিকে হালকাভাবে নেবেন না।
ব্যক্তিগত তথ্য চাওয়া মানেই বিপদ: চেনা মানুষ কোনওদিন ফোন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, UPI পিন, OTP বা পাসওয়ার্ড চাইবে না। এমন ফোন পেলে সঙ্গে সঙ্গে কেটে দিন। প্রয়োজনের নম্বরটি ব্লকও করতে পারেন।
টাকা চাওয়া মানেই সন্দেহ: যতই পরিচিত মানুষ হোক না কেন, ফোনে টাকা চাওয়া হলে সেটি যাচাই না করে কোনওভাবেই পাঠাবেন না।
এই প্রতারকদের ফাঁদে পড়লেই এক মুহূর্তে শূন্য হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাই গলার আওয়াজ যতই চেনা লাগুক, আগে যাচাই করুন—তারপরই বিশ্বাস করুন।