ড. পেজ শুধু হকিতেই থেমে থাকেননি। কিশোর বয়স থেকেই ফুটবল, ক্রিকেট, রাগবি—একাধিক খেলায় হাত পাকান। ১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত ছিলেন ভারতীয় রাগবি ফুটবল ইউনিয়নের সভাপতি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও বিসিসিআইয়ের অ্যান্টি-ডোপিং কর্মসূচি গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর বড় ভূমিকা ছিল।

ভেস পেজ ও লিয়েন্ডার
শেষ আপডেট: 14 August 2025 11:25
দ্য ওয়াল ব্যুরো: বাহাত্তরের মিউনিখ অলিম্পিকে ভারতীয় হকি দলে মিডফিল্ডে লড়াই করেছিলেন। তাঁর অনবদ্য পারফরম্যান্সে ভর করে ভারত জিতেছিল ব্রোঞ্জ। পরে ক্রীড়াচিকিৎসক, প্রশাসক বহু ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। সেই ড. ভেস পেজ (Dr. Vece Paes) প্রয়াত হলেন (Vece Paes Died)। আজ, বৃহস্পতিবার সকালে, কলকাতায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে জটিল পার্কিনসন্স রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকালেই তাঁকে শহরের এক হাসপাতালে ভর্তি করা হয়।
ড. পেজ শুধু হকিতেই থেমে থাকেননি। কিশোর বয়স থেকেই ফুটবল, ক্রিকেট, রাগবি—একাধিক খেলায় হাত পাকান। ১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত ছিলেন ভারতীয় রাগবি ফুটবল ইউনিয়নের সভাপতি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও বিসিসিআইয়ের অ্যান্টি-ডোপিং কর্মসূচি গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর বড় ভূমিকা ছিল। দীর্ঘদিন বিভিন্ন সংস্থায় ক্রীড়াচিকিৎসক হিসেবে কাজ করেন।
যদিও জনমানসে তাঁর পরিচয়ের আরেক দিক—তিনি অলিম্পিক ব্রোঞ্জজয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander Paes) বাবা। ছেলের কাছে যেমন প্রেরণা, তেমনই ছিলেন নিবিড় বন্ধু। একাধিক সাক্ষাৎকারে লিয়েন্ডারের মুখে শোনা গিয়েছে, ‘আমার বাবা-ই আমার সেরা বন্ধু!’
তুখোড় খেলোয়াড় হওয়ার পাশপাশি ভেস পেজ ছিলেন তুখোড় রসবোধের অধিকারী। আর ছেলেকে জীবন দিয়ে আগলে রাখতেন। ২০১০ সালে অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসে লিয়েন্ডারের জয় উদ্যাপনে এক টিভি চ্যানেলে তাঁর অবসর নিয়ে আলোচনা চলছিল। ভিডিওবার্তায় ড. পেজ বলেন—‘মানুষ আমাকে জিজ্ঞেস করে, আমার ছেলে কবে অবসর নেবে। অথচ ২০০৯ সালে তুমি দুটি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস জিতেছ, দুবার মিক্সড ডাবলসের ফাইনালে উঠেছ। এবার অস্ট্রেলিয়ান ওপেন মিক্সড ডাবলস দখল করলে। লিয়েন্ডার, তুমি আমাদের মুগ্ধ করেছ। আমি নিশ্চিত কমনওয়েলথ গেমস আর লন্ডন অলিম্পিকেও ভালো করবে!’
বাবার মুখে প্রথমবার ‘তুমি আমায় মুগ্ধ করেছ’ শোনার পর লিয়েন্ডারের চোখ জলে ভরে ওঠে। ধরে আসে গলা। ভিডিওতে ড. পেজ ছেলের অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সময়ের ‘কূটনৈতিক ভাষণে’র খোঁচাও দেন। শেষ করেন স্বভাবসিদ্ধ রসিকতায়—‘একমাত্র তুমিই জানো, কবে টেনিস থেকে অবসর নেওয়া উচিত। আমাদের একটু ইঙ্গিত দেবে? অবসরের পর কী করবে? কূটনীতি? তবে আমি সব রাজনীতিকদের জন্য দুঃখিত—তুমি একবার তোমার গ্ল্যামার কাজে লাগালে ওদের কেমন অবস্থা হবে কে জানে!’
এহেন ভেস পেজ, ভারতীয় হকির ব্রোঞ্জজয়ী নায়ক… খেলোয়াড়, চিকিৎসক, সংগঠক—সব ভূমিকাতেই সমান সফল খেলোয়াড়ের চিরবিদায়ে ক্রীড়ামহলে শোকের ছায়া।