কেন্দ্র ভ্রমণ ছাড়পত্র এবং ভিসা সুবিধার আশ্বাস দিলেও পাকিস্তান হকি ফেডারেশন বর্তমান পরিস্থিতিতে ভ্রমণে অনিচ্ছুক বলে উল্লেখ করে এশিয়ান হকি ফেডারেশনকে তাদের প্রত্যাহারের কথা জানিয়েছে।

পাকিস্তান হকি দল
শেষ আপডেট: 7 August 2025 16:49
দ্য ওয়াল ব্যুরো: পহেলগামে সন্ত্রাসী হামলা ও তার পরিপ্রেক্ষিতে অপারেশ সিঁদুর-এর পর আরও খারাপ হয়েছে ভারত-পাকিস্তান সম্পর্ক। এই সম্পর্কের জের রাজনীতির অঙ্গণ ছাড়িয়ে প্রভাব ফেলেছে ক্রীড়াক্ষেত্রেও। দুই প্রতিবেশী সরকারই একে অপরের দেশে কোনও দল পাঠাতে চাইছে না।
এদিকে সামনেই রয়েছে এশিয়া কাপ হকি (Asia Cup Hockey)। ২৯ আগস্ট থেকে বিহারের রাজগীরে শুরু হবে এই টুর্নামেন্ট। ফাইনাল ৭ সেপ্টেম্বর। এবার এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিল পাকিস্তান (Pakistan)। বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তান হকি ফেডারেশন (PHF)।
পহেলাগাম হামলার পর প্রাথমিক ভাবে মনে হয়েছিল, ভারত সরকার হয়তো পাক দলের ভিসা মঞ্জুর করবে না। এরপর কেন্দ্র ভ্রমণ ছাড়পত্র এবং ভিসা সুবিধার আশ্বাস দিলেও পাকিস্তান হকি ফেডারেশন বর্তমান পরিস্থিতিতে ভ্রমণে অনিচ্ছুক বলে উল্লেখ করে এশিয়ান হকি ফেডারেশনকে তাদের প্রত্যাহারের কথা জানিয়েছে। সেই সঙ্গে পিএইচএফ আরও উল্লেখ করেছে, ভারতের মতোই অবস্থা পাকিস্তানের। তারা কোনও ভাবেই ভারতে দল পাঠাতে চাইছে না। এদিকে, হকি ইন্ডিয়া (HI) এখন টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক কাঠামো বজায় রাখার জন্য সম্ভাব্য বিকল্প দল হিসাবে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে। এবারের এশিয়া কাপে ভারত ছাড়াও অংশগ্রহণ করবে- জাপান, কোরিয়া, চিন, মালয়েশিয়া, ওমান ও চাইনিজ তাইপে।
পাকিস্তানের অংশগ্রহণ না করা তাদের জন্যও একটি ধাক্কা। বিশেষ করে যেহেতু এশিয়া কাপ ২০২৬ সালের পুরুষদের হকি বিশ্বকাপের জন্য একটি বাছাইপর্বের টুর্নামেন্ট হিসাবে কাজ করে। আগামী বছর নেদারল্যান্ডস ও বেলজিয়ামে বসবে বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ এক কথায় অসম্ভব হয়ে দাঁড়াল।
পাশাপাশি পাকিস্তানের এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে জুনিয়র বিশ্বকাপেও, যা এই বছরের শেষের দিকে চেন্নাই এবং মাদুরাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেও হয়তো দল পাঠাবে না পাকিস্তান। ভূ-রাজনৈতিক উত্তেজনা ভারতে পাকিস্তানের হকিতে অংশগ্রহণের উপর প্রভাব ফেলার এটিই প্রথম ঘটনা নয়। এর আগে সীমান্তবর্তী ঘটনার কারণে দলটি ২০১৬ সালের জুনিয়র বিশ্বকাপে অংশ নিতে পারেনি। তবে, তারা ২০২৩ সালের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির জন্য চেন্নাইয়ে এসেছিল। ছয় দলীয় সেই টুর্নামেন্টে পাকিস্তান পঞ্চম স্থান অর্জন করেছিল।