আমরা তাদের (এফআইএইচ) জানিয়েছি, বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলার সময় আমাদের দল নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে।

ভারত বনাম পাকিস্তান
শেষ আপডেট: 24 July 2025 13:40
দ্য ওয়াল ব্যুরো: আগামী মাসে ভারতেম (India) অনুষ্ঠিত হবে এশিয়া কাপ হকি (Asia Cup Hockey)। কিন্তু আসন্ন এই প্রতিযোগিতায় পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ভারত-পাকিস্তান বর্তমান সম্পর্কের আবহে ভারতে আসবে না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান হকি ফেডারেশন (PHF)।
এই প্রসঙ্গে পিএইচএফ হকি বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা এফআইএইচকে (FIH) জানিয়েছে, নিরাপত্তার কারণে আগামী মাসে এশিয়া কাপের জন্য তাদের দল ভারতে পাঠানো কঠিন হবে। পিএইচএফ প্রধান তারিক বুগতি বলেছেন, তাঁরা এফআইএইচ এবং এশিয়ান হকি ফেডারেশনকে (AHF) চিঠি লিখে ভারতে দল পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বুগতি বলেন, “আমরা তাদের (এফআইএইচ) জানিয়েছি, বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলার সময় আমাদের দল নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে। পাশাপাশি আমরা বলেছি, পাকিস্তানের খেলোয়াড়রাও এশিয়া কাপের জন্য ভারতে যেতে ইচ্ছুক নয়।”
এশিয়া কাপও হল বিশ্বকাপের জন্য একটি বাছাইপর্বের টুর্নামেন্ট। এই নিয়ে প্রশ্ন করা হলে পিএইচএফ প্রধান বলেন, এখন এই প্রতিযোগিতা এবং পাকিস্তানের ম্যাচগুলি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এফআইএইচ এবং এএইচএফের।
তিনি বলেন, “আমরা তাদের কাছে জানতে চেয়েছি, আমাদের খেলোয়াড়রা যে ভারতে নিরাপদ থাকবে এবং টুর্নামেন্টে মনোযোগ দিতে পারবে তার গ্যারান্টি কোথায়?’ তবে পাকিস্তান সরকার এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। যদিও সম্প্রতি একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেছেন, যে পাকিস্তানের হকি টিম ভারতে যাবে না।
এর আগে, ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়ের সূত্র স্পষ্ট করে জানিয়েছিল, তারা আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে পাকিস্তান হকি দলকে অংশগ্রহণ থেকে বিরত রাখবে না। সংবাদ সংস্থা পিটিআই-এর উল্লেখ করে, ক্রীড়া মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, তারা বহুজাতিক টুর্নামেন্টে কোনও দলের অংশগ্রহণের বিরুদ্ধে নয়। হকি এশিয়া কাপ ২৭ আগস্ট থেকে শুরু হবে বিহারের রাজগীরে। প্রতিযোগিতার ফাইনাল ৭ সেপ্টেম্বর।
এদিকে, ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, “আমরা ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বহুজাতিক টুর্নামেন্টে কোনও দলের অংশগ্রহণের বিরুদ্ধে নই, তবে দ্বিপাক্ষিক সিরিজ ভিন্ন বিষয়। আন্তর্জাতিক ক্রীড়া দাবি করে যে, আমরা কাউকে টুর্নামেন্ট থেকে বাদ দিতে পারি না। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, কিন্তু তারাও বহুজাতিক টুর্নামেন্টে পরস্পরের বিরুদ্ধে খেলে।”