গতকাল তানের বিরুদ্ধে দ্বিতীয় গেমে সাদা ঘুঁটি নিয়ে নেমেছিলেন দিব্যা। ওপেনিং মুভ ছিল আলাপিন সিসিলিয়ান। দ্রুত এগিয়ে গেলেন প্ল্যানমাফিক।

দিব্যা দেশমুখ
শেষ আপডেট: 24 July 2025 12:21
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের দাবা মানচিত্র এতদিন বদলে দিচ্ছিলেন ডি. গুকেশ, আর. প্রজ্ঞানন্দরা। খবরর হচ্ছিল পাশ্চাত্যের একাধিপত্য। এবার হাতে হাত মিলিয়ে হিসেব বদলানোর লড়াইয়ে সামিল হলেন মেয়েরাও।
ভারতীয় দাবায় নতুন অধ্যায়, নয়া ইতিহাস লিখলেন দিব্যা দেশমুখ (Divya Deshmukh)। পৌঁছলেন মহিলা বিশ্বকাপ ফাইনালে (FIDE Womens World Chess Cup Final)। হারালেন চীনের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ঝোংই তানকে (Zhongyi Tan of China)। ম্যাচের ফলাফল: ১.৫–০.৫। জয়ের সুবাদে চূড়ান্ত যুদ্ধে আসন পাকা করার পাশপাশি পরের বছর ক্যান্ডিডেটস টুর্নামেন্টে স্থানও নিশ্চিত করলেন নাগপুরের তরুণী। এই ক্যান্ডিডেটস থেকেই ঠিক হবে বিশ্বচ্যাম্পিয়নের প্রতিদ্বন্দ্বী। জিতলে খেলবেন জু ওয়েনজুনের (Wenjun Ju) বিরুদ্ধে। মেয়েদের দাবায় এহেন সাফল্য এই প্রথম। তাই তা সর্বার্থে ঐতিহাসিক, আক্ষরিক অর্থে নজিরবিহীন।
গতকাল তানের বিরুদ্ধে দ্বিতীয় গেমে সাদা ঘুঁটি নিয়ে নেমেছিলেন দিব্যা। ওপেনিং মুভ ছিল আলাপিন সিসিলিয়ান। দ্রুত এগিয়ে গেলেন প্ল্যানমাফিক। মাঝপথে বিশপ দিয়ে নাইট বদল। যা তাঁকে ধাপে ধাপে জয়ের দিকে এগিয়ে দেয়।
তান যদিও মাঝখানে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে পারেননি। একটা সময় পজিশনের ধারটাই হারালেন। দিব্যার হাতে তখন পূর্ণ নিয়ন্ত্রণ। ম্যাচ গড়াল ১০১ চালে। শেষে হাসি হাসলেন দিব্যাই।
সেমিফাইনালে ওঠার আগে হারিয়েছেন দ্বিতীয় সিডে থাকা ঝুনার ঝু-কে। কোয়ার্টারে পরাস্ত হয়েছেন ডি. হরিকা। একের পর এক বড় প্রতিপক্ষকে মাত দেওয়ার সুবাদে হাসিল করেছেন টুর্নামেন্টের ‘জায়েন্ট কিলার’ তকমা।
প্রসঙ্গত, অন্য সেমিফাইনালে আরেক ভারতীয় দাবাড়ু কোনেরু হাম্পি (Koneru Humpy) নামেন তিংজিয়ে লেই-র বিরুদ্ধে। ম্যাচ ড্র। হাম্পির হাতে ছিল সাদা ঘুঁটি। ওপেনিংয়ে স্লাভ ডিফেন্স। খেলা গড়ায় এক্সচেঞ্জ ভেরিয়েশনে। ১৯তম চালে কুইন বদল। শেষে রুক-পাউন এন্ডগেম। হাম্পির এক পাউন বেশি ছিল। তাতে লাভ-ক্ষতি কিছু হয়নি। ড্রতেই শেষ হয় ৭৫ চালের লড়াই। ফাইনালে কে খেলবেন দিব্যার বিরুদ্ধে, ঠিক হবে টাইব্রেকারে।
দিব্যার বয়স মাত্র আঠারো। বাড়ি নাগপুরে। রেটিং প্রায় ২৪৫০। পেশাদার খেতাব ‘আন্তর্জাতিক মাস্টার’। বিশ্লেষকদের অনেকে একবাক্যে মেনে নিয়েছেন: আর. বৈশালীর পর তিনিই ভারতীয় মহিলা দাবার মুখ। বিশ্বজয় করতে পারলে ইতিহাসে চিরস্থায়ী নাম লিখবেন দিব্যা।