ইন্ডিয়ান ফুটবল লিগ শোকবার্তা জানিয়ে ঘোষণা করেছে, তৃতীয় রাউন্ডের প্রতিটি ম্যাচের আগে রবিন্দরের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হবে।

রবিন্দর সিং
শেষ আপডেট: 13 March 2026 17:35
দ্য ওয়াল ব্যুরো: ময়দানেই শেষ হয়ে গেল ফুটবলারের জীবন। নাম রবিন্দর সিং (Ravinder Singh)। পাঞ্জাবের একটি স্থানীয় ফুটবল টুর্নামেন্টে খেলতে নেমে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। মাঠেই লুটিয়ে পড়েন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ইন্ডিয়ান ফুটবল লিগের (Indian Football League) ক্লাব নামধারী এফসির চুক্তিবদ্ধ বছর পঁচিশের এই ডিফেন্ডার লুধিয়ানা জেলার মজরি গ্রামের ছেলে। স্থানীয় লিগে খেলতে নেমে হঠাৎ হৃদযন্ত্র বিকল হওয়ায় প্রাণ হারালেন। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ভারতীয় ফুটবল মহলে।
'দৈনিক জাগরণে'র প্রতিবেদন অনুযায়ী, নিজের গ্রামে শেষকৃত্য হয় রবিন্দরের। দাদা ভূপেন্দর সিং চিতায় আগুন দেন। পরিবার, বন্ধু ও সতীর্থ ফুটবলাররা শেষবিদায় জানান।
নামধারী ক্লাব তাদের সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘আমাদের ফুটবলার রবিন্দর সিংয়ের এত অল্প বয়সে আকস্মিক প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। ফুটবল পরিবারের জন্য এ এক অপূরণীয় ক্ষতি।’ ইন্ডিয়ান ফুটবল লিগও শোকবার্তা জানিয়ে ঘোষণা করেছে, তৃতীয় রাউন্ডের প্রতিটি ম্যাচের আগে রবিন্দরের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হবে। তরুণ বয়সে হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে ফুটবলারের মৃত্যু—এই ঘটনা আবারও প্রশ্ন তুলছে ক্রীড়া জগতে খেলোয়াড়দের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে।