বিয়ে ভেঙে যাওয়ার খবর নিশ্চিত করার পর স্মৃতি মন্ধনার পুরনো সাক্ষাৎকার ভাইরাল।

স্মৃতি মন্ধনা, পলাশ মুচ্ছল
শেষ আপডেট: 9 December 2025 17:00
দ্য ওয়াল ব্যুরো: মিউজিক ডিরেক্টর পলাশ মুচ্ছলের (Palaash Muchhal) সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার খবর নিশ্চিত করার পর থেকেই ভারতীয় ক্রিকেটের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধনার (Smriti Mandhana) একটি পুরনো ভিডিও ক্লিপ অনলাইনে পুনরায় ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া সেই পুরনো সাক্ষাৎকারে স্মৃতি মন্ধনা ক্রিকেটে তাঁর পথ চলা, প্রত্যাশা ও সমালোচনার সঙ্গে মানিয়ে নেওয়া এবং মানসিক চিন্তা তৈরি করা নিয়ে কথা বলেছিলেন। তিনি জানান, কোনও ধাক্কা নিয়ে বেশি চিন্তা না করে, তাঁর সমস্যা মোকাবিলার কৌশলটিকে খুঁজে বের করাই বুদ্ধিমানের কাজ।
মন্ধনা বলেন, "আমার জন্য এটা খুব সহজ। আমার স্বল্পমেয়াদি লক্ষ্য থাকে। ধরুন, আজ আমার মন খারাপ লাগছে, আমি শুধু লিখতে শুরু করি, ব্যাটিং বা ফিটনেসে পরের ছয় বা সাত দিনের জন্য আমাকে কী কী নিয়ে কাজ করতে হবে। আমি যখন সেটা করতে শুরু করি, তখন যা ঘটছে, তা ভুলে যাই। শুধু আমার নিজের দিকে মন দিই।"
স্মৃতি মন্ধনা আজ ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম বড় মুখ। খেলাধুলা কীভাবে তাঁর জীবন, ভাবনা ও ব্যক্তিত্ব গড়ে তুলেছে, তা বলতে গিয়েই তিনি শেয়ার করলেন নিজের সবচেয়ে বড় শিক্ষা।
বলেন, "আপনাকে সবসময় আপনার দিনটি একটি নতুন দিন হিসাবে শুরু করতে হবে। কারণ, আপনি আপনার ইনিংস শূন্য থেকেই শুরু করেন, এমনকি আগের ম্যাচে আপনি সেঞ্চুরি করলেও। এটাই আমার সবচেয়ে বড় শিক্ষা, জীবনে যা-ই ঘটুক, পরের দিনটি একটি নতুন দিন।"
গত রবিবার, স্মৃতি মন্ধনা অবশেষে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলতে থাকা জল্পনার অবসান ঘটান। তিনি নিশ্চিত করেন যে পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর বিয়ে "ভেঙে গেছে" বা "called off"।
নিজের বিবৃতিতে মন্ধনা লেখেন, "আমাকে স্পষ্ট করতে হবে যে বিয়েটি ভেঙে গেছে। আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সকলের কাছেও একই অনুরোধ জানাচ্ছি।" নিজেকে "খুবই ব্যক্তিগত মানুষ" হিসেবে উল্লেখ করে কিনি ভক্ত এবং মিডিয়ার কাছে অনুরোধ জানান যেন "দুই পরিবারের ব্যক্তিগত জীবনকে সম্মান করা হয়" এবং তাঁদের এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়।
তিনি আরও বলেন, "আমি বিশ্বাস করি, সর্বদা সর্বোচ্চ স্তরে আমার দেশের প্রতিনিধিত্ব করতে পারব। আমি আশা করি, যতদিন সম্ভব ভারতের জন্য খেলতে ও ট্রফি জিততে পারব।" কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তাঁর বক্তব্যটি শেষ করে লেখেন, "আপনাদের সব সমর্থনের জন্য ধন্যবাদ। এবার এগিয়ে যাওয়ার সময়।"