বিয়ে নিয়ে তুমুল চর্চার মধ্যেই ইনস্টাগ্রাম বায়ো বদলে দিলেন স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল। ঠিক কী লিখলেন?

পলাশ ও স্মৃতি
শেষ আপডেট: 29 November 2025 11:38
দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের শেষ সপ্তাহে দেশের নজর ছিল স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছল (Palash Muchhal)-এর বিয়ের দিকে। মহিলা বিশ্বকাপ জয়ের কয়েক সপ্তাহ পর ২৩ নভেম্বর তাঁদের বিয়ে ছিল। কিন্তু হঠাৎই স্মৃতির বাবা অসুস্থ হয়ে পরায় তা স্থগিত হয়ে যায়। পরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন পলাশও।
এই ঘটনার কয়েক ঘণ্টা পর হঠাৎই স্মৃতি নিজের ইনস্টাগ্রাম (Instagram) থেকে বিয়ের প্রস্তুতির সমস্ত পোস্ট মুছে দেন। যদিও পলাশের সঙ্গে তোলা কয়েকটি সাধারণ ছবি এখনও আছে। পরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের স্ক্রিন শট ঘুরতে শুরু করে। পলাশের সঙ্গে স্মৃতিরই এক বান্ধবীর ব্যক্তিগত কথোপকথন ভাইরাল হয়। নেটিজেনরা বলতে শুরু করেন, পলাশ ঠকিয়েছেন স্মৃতিকে। যদি কোনও পরিবারের তরফেই এ নিয়ে কোনওরকম মন্তব্য করা হয়নি। স্মৃতির বন্ধু বা সতীর্থরাও এনিয়ে কোনও কথা বলেননি।
তাঁদের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়ার মাঝেই এবার দু'জনে নিজেদের ইনস্টা বায়ো পাল্টালেন। অ্যাড করলেন 'এভিল আই' ইমোজি। এই বিষয়টি নজরে আসার পর থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা। তাহলে কি সত্যিই নজর লেগেছে তাঁদের সম্পর্কে? সেসব বিশ্বাস আর তর্কের বিষয়। আপাতত দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। এনিয়ে পুরোপুরি স্পিকটি নট।
এদিকে দুই পরিবারই জানিয়েছে, এই বিয়ের স্থগিত হওয়ার পেছনে কোনও ব্যক্তিগত অশান্তি বা অন্য কোনও কারণ নেই, বিষয়টি সম্পূর্ণই হেলথ এমার্জেন্সি (health emergency)-র কারণে। দুই পরিবারই জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই নতুন করে তারিখ ঘোষণা হবে।
এদিকে, স্মৃতির ঘনিষ্ঠ বন্ধু ও টিম ইন্ডিয়ার ক্রিকেটার জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues) হঠাৎই উইমেন্স বিগ ব্যাশ লিগ (WBBL) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, শুধু স্মৃতির পাশে থাকার জন্য। এই সিদ্ধান্তও নেটিজেনদের মধ্যে 'আসলে কী হচ্ছে?' এই প্রশ্ন আরও বাড়িয়ে দেয়।
পলাশের মা অমিতা মুচ্ছল (Amita Muchhal) এক জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'স্মৃতি আর পলাশ, দু’জনই খুব কষ্টে আছে (takleef mein hain) ওই দিন যেভাবে সবকিছু বদলে গেল, কেউই আশা করেনি। পলাশ তো স্বপ্ন দেখেছিল বিয়ে করে বৌমাকে নিয়ে বাড়ি ফেরার। আমি বিশেষ ভাবে স্মৃতিকে স্বাগত জানানোর প্রস্তুতিও করেছিলাম।'
অমিতা আরও জানান, হঠাৎ পরিস্থিতি বদলে যাওয়ায় কিছু রীতিনীতি অসম্পূর্ণ থেকে গেলেও দুই পরিবারই আশাবাদী যে খুব শিগগিরই সব ঠিক হয়ে যাবে।
বর্তমানে স্মৃতির বাবা এবং পলাশ, দু’জনই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সুস্থ আছেন।