হোসে মোলিনার বিদায়ের পর মোহনবাগান সুপার জায়ান্টের নতুন কোচ হলেন সের্জিও লোবেরা। আইএসএল ও বার্সেলোনা অভিজ্ঞতাসম্পন্ন এই কোচ বাকি মরসুমে দায়িত্ব নিলেন।

সের্জিও লোবেরা
শেষ আপডেট: 26 November 2025 22:01
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান সুপার জায়ান্টের (MBSG) কোচ পদে পরিবর্তন এল। হোসে মোলিনার (Jose Molina) জায়গায় সবুজ-মেরুন ব্রিগেডের নতুন হেড স্যার হিসেবে যোগ দিলেন স্প্যানিশ কোচ সের্জিও লোবেরা রডরিগেজ (Sergio Lobera Rodriguez)। বুধবার তাঁর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এবং বাকি মরসুমের জন্য তিনিই দলের কোচিংয়ের দায়িত্ব সামলাবেন।
ভারতীয় ফুটবলকে হাতের তালুর মতো চেনেন সের্জিও লোবেরা। তাঁর ঝুলিতে রয়েছে আইএসএল শিল্ড (ISL Shield) এবং লিগ জয়ের অভিজ্ঞতা। এছাড়াও, বার্সেলোনার মতো ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
এই সাফল্য এবং অভিজ্ঞতাকে মাথায় রেখেই মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট বাকি মরসুমের জন্য লোবেরার ওপর আস্থা রেখেছে। ৩০ নভেম্বর থেকেই জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, বিশাল কাইথদের নিয়ে অনুশীলনে নামবেন তিনি।
চুক্তিতে সই করার পর সের্জিও লোবেরা এমবিএসজি মিডিয়া টিমকে বলেন, "মোহনবাগান সুপার জায়ান্টে দায়িত্ব নেওয়া আমার কাছে বিরাট সম্মানের। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে, রয়েছে আবেগ আর উচ্চাকাঙ্ক্ষা।"
তিনি আরও বলেন, "আমি প্রতিশ্রুতিবদ্ধ এমন একটি দল গড়ে তুলতে, যারা খেলবে সাহসিকতা, স্বকীয় পরিচিতি এবং জয়ের মানসিকতা নিয়ে। আমরা একসঙ্গে কাজ করব, যাতে এই অধ্যায় হয়ে ওঠে অবিস্মরণীয়।" লোবেরা দৃঢ়তার সঙ্গে বলেন, এই দলে যে প্রতিভা আর হৃদয়ের শক্তি আছে, তা ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করতে সক্ষম। তিনি এই সম্ভাবনাকে আরও উচ্চতায় তুলে নিয়ে যেতে চান, কারণ মোহনবাগান শীর্ষে থাকার যোগ্য, আর তাঁরা প্রতিদিন কাজ করবেন সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে।