২০ বছর পর আবার ভারতে ফিরছে কমনওয়েলথ গেমস।

কমনওয়েলথ গেমস
শেষ আপডেট: 26 November 2025 19:54
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০৩০ সালের কমনওয়েলথ গেমস (Commonwealth Games) ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। কমনওয়েলথ কমিটি (Commonwealth Committee) গুজরাটের আমেদাবাদকে (Ahmedabad) এই বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক শহর হিসেবে ঘোষণা করেছে। এর আগে ২০১০ সালে দিল্লিতে শেষবার ভারতে এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। ২০ বছর পর আবার দেশের মাটিতে ফিরছে এই গেমসের আসর।
২০৩০ সালের কমনওয়েলথ আয়োজনের ক্ষেত্রে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল নাইজেরিয়া। তবে কমনওয়েলথ কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ২০৩৪ সালের প্রতিযোগিতা নাইজেরিয়াকে দেওয়া হতে পারে। আমেদাবাদের উপর কমিটি সম্পূর্ণ ভরসা রেখেছে। প্রথমে 'কমনওয়েলথ স্পোর্টস এভালুয়েশন কমিটি' আমেদাবাদের নাম প্রস্তাব করার পর গত মাসে 'কমনওয়েলথ স্পোর্টস এগজ়িকিউটিভ বোর্ড'ও এটিকে সমর্থন জানায়। বুধবার গ্লাসগোতে বার্ষিক সাধারণ সভায় ৭৪টি সদস্য দেশ এই প্রস্তাবে সিলমোহর দেয় এবং ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি পিটি ঊষার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়।
কমনওয়েলথ স্পোর্টসের সভাপতি ডোনাল্ড রুকারে তাঁর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, "ভারতে খেলার সঙ্গে সংস্কৃতির গভীর যোগ রয়েছে। ২০৩০ সালে কমনওয়েলথের ১০০ বছর পূর্ণ হবে। আমরা আশাবাদী, ভারতের মাটিতে তাদের উন্নত ও বৈচিত্রমূলক সংস্কৃতির পরিচয় আমরা দেখতে পাব।" ১৯৩০ সালে কানাডায় প্রথম কমনওয়েলথ গেমস আয়োজিত হয়েছিল, যার নাম ছিল 'ব্রিটিশ এম্পায়ার গেমস'।
গত এক বছরে আমেদাবাদে কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ, এশিয়ান অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ-সহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। আগামী বছরও এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ এবং এশিয়া প্যারা-আর্চারি বিশ্বকাপ সেখানে অনুষ্ঠিত হবে। এই অভিজ্ঞতার কারণে কমনওয়েলথ আয়োজনের বিষয়ে কর্তৃপক্ষ আত্মবিশ্বাসী।
বিশেষজ্ঞরা মনে করছেন, ২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতের জন্য ২০৩৬ সালের অলিম্পিক্স (Olympics) আয়োজনের একটি বড় পরীক্ষা হতে পারে। কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় অলিম্পিক্স সংস্থা বিশ্ব অলিম্পিক্স কমিটির সঙ্গে এই বিষয়ে আলোচনা করছে এবং আমেদাবাদকেই অলিম্পিক্সের কেন্দ্র করতে চাওয়া হচ্ছে। কমনওয়েলথ গেমসে সফলভাবে পাশ করলে অলিম্পিক্স আয়োজনের লড়াইয়ে ভারত এক ধাপ এগিয়ে যাবে।