রোহিত শর্মা শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলবেন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে। শৈশবের কোচ দীনেশ লাড এএনআইকে এই তথ্য ফাঁস করেন।

রোহিত শর্মা
শেষ আপডেট: 26 October 2025 12:38
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ভারত জয় পাওয়ায় এবং রোহিত শর্মার বিস্ফোরক শতরানের পর খুশি প্রকাশ করলেন তাঁর শৈশবের কোচ দীনেশ লাড। শনিবার তিনি বলেন যে অভিজ্ঞ এই ব্যাটসম্যান ২০২৭ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ খেলেই অবসর নেবেন।
সিডনিতে অনুষ্ঠিত শেষ ওয়ানডেতে রোহিত নিজের ৫০তম আন্তর্জাতিক শতক হাঁকান। একইসঙ্গে, সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজে সর্বোচ্চ রান করেছেন তিনি।
২৩৭ রানের লক্ষ্য নিয়ে নেমে রোহিত শর্মার ১২২ বলে অপরাজিত ১২১ রানের ইনিংস এবং বিরাট কোহলির সঙ্গে তাঁর পার্টনারশিপে মুগ্ধ হন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। অনেকেই মনে করছেন, অস্ট্রেলিয়ার মাটিতে এটিই ছিল দুই কিংবদন্তির শেষ ম্যাচ।
রোহিতের পারফরম্যান্স প্রসঙ্গে তাঁর কোচ দীনেশ লাড এএনআইকে বলেন,"আজ রোহিত যেভাবে ব্যাট করেছে এবং ভারতের জয়ে অবদান রেখেছে, তা দেখতে দারুণ লেগেছে। সে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলবে এবং তারপর অবসর নেবে।"
প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও শেষ ম্যাচে কোহলি ৭৪ রানে অপরাজিত থাকেন। বিরাট কোহলি প্রসঙ্গে দীনেশ লাড বলেন যে, "বিরাট সম্পর্কে প্রতিদিন নানা ভুল বোঝাবুঝি তৈরি হয়। সে এমন একজন যে যে কোনও সময় এবং যে কোনও পরিস্থিতি সামলে নিতে পারে। সে আজ যেভাবে খেলল, তাতে ভাল লাগছে।"
তিনি আরও বলেন, "অনেক আগে শচীন এক অনুষ্ঠানে বলেছিলেন যে রোহিত এবং বিরাটই তাঁর রেকর্ড ভাঙবে। দুজনেই তাঁর রেকর্ডের কাছাকাছি যাচ্ছে দেখে সত্যিই খুব ভাল লাগছে।"
অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মিচেল মার্শ (৪১) এবং ট্র্যাভিস হেড (২৯)-এর ৬১ রানের জুটি দিয়ে তাদের শুরুটা ভাল হয়েছিল। ম্যাট রেনশঁ ৫৬ রানের ইনিংস খেললেও, অস্ট্রেলিয়া ৪৬.৪ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ২৩৬ রানে গুটিয়ে যায়। ভারতীয় বোলারদের মধ্যে হর্ষিত রানা (৪/৩৯) এবং ওয়াশিংটন সুন্দর (২/৪৪) সফল হন।
জবাবে ভারত ব্যাট করতে নেমে শুভমান গিল (২৪) এবং রোহিত শর্মার (১২১*) ওপেনিং জুটিতে ৬৯ রান তোলে। এরপর রোহিত শর্মা এবং বিরাট কোহলি (৭৪)* মিলে অবিচ্ছেদ্য ১৬৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন এবং নয় উইকেট হাতে রেখে সহজে ম্যাচটি জিতে নেয়। এই জয়ে রোহিত শর্মা 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' এবং 'প্লেয়ার অফ দ্য সিরিজ' পুরস্কার জেতেন। সিরিজে একটি শতরান এবং একটি অর্ধ-শতরানসহ মোট ২০২ রান করে তিনি সর্বোচ্চ স্কোরার হন।