গ্র্যান্ড স্ল্যামের বাইরেও ফেডেরারের সাফল্য কম নয়। তাঁর নামের পাশে রয়েছে ১০৩টি ট্যুর–লেভেল শিরোপা এবং ১,২৫১টি ম্যাচ জয়—ওপেন যুগে জিমি কনর্স ছাড়া আর কারও নেই এমন নজির।

রজার ফেডেরার
শেষ আপডেট: 19 November 2025 19:00
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে (International Tennis Hall of Fame) জায়গা হল রজার ফেদেরারের (Roger Federer)। ২০২৬ সালের ক্লাসে নির্বাচিত হলেন তিনি, তাও প্রথম যোগ্যতার বছরেই। রোড আইল্যান্ড–ভিত্তিক এই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ভোটের নির্দিষ্ট হার পেরোনো একমাত্র প্লেয়ার–শ্রেণির মনোনীত ছিলেন সুইস তারকা। ভোটের সংখ্যাগত কোনও তথ্য অবশ্য নীতি মেনেই প্রকাশ করেনি সংশ্লিষ্ট সংস্থা।
ফেডেরার নিজের যুগকে প্রায়শই বলতেন টেনিসের ‘সোনালি সময়’। রাফায়েল নাদাল (Rafael Nadal) ও নোভাক জোকোভিচের (Novak Djokovic) সঙ্গে তাঁর ত্রিমুখী টক্কর আধুনিক টেনিসকে নতুন উচ্চতায় তুলেছিল। তাঁদের সামলেই জিতেছিলেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam), যা দীর্ঘদিনের রেকর্ড। চারটি মেজরেই তাঁর শিরোপা—উইম্বলডনে ৮, অস্ট্রেলিয়ান ওপেনে ৬, ইউএস ওপেনে ৫ এবং রোলাঁ গারোঁ–তে ১। কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম রয়েছে এমন মাত্র আট জনের একজন তিনি। কন্ট্রিবিউটর বিভাগে নির্বাচিত হয়েছেন প্রাক্তন খেলোয়াড় ও জনপ্রিয় সম্প্রচারক মেরি কারিলো (Mary Carillo)। সমস্ত নির্বাচিতদের সম্মাননা দেওয়া হবে আগামী অগস্টে।
এক বিবৃতিতে ফেডেরার বলেছেন, ‘আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া বিশাল সম্মান। এত মহান চ্যাম্পিয়নদের সঙ্গে এক সারিতে দাঁড়ানো… এই স্বীকৃতি পাওয়া নিজেকে বিনম্র করে তোলে!’
রজারের গ্র্যান্ড স্ল্যাম যাত্রা শুরু ২০০৩ সালে উইম্বলডনে। ছ’বছর পর একই কোর্টে অ্যান্ডি রডিককে হারিয়ে (১৬–১৪, পঞ্চম সেট) ভেঙেছিলেন পিট সামপ্রাসের ১৪ স্ল্যামের রেকর্ড। সর্বশেষ মেজর জেতেন ২০১৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনে। তাঁর স্ল্যাম সংখ্যা ২০–তে থামলেও পরে নাদাল সেটি ছাপিয়ে যান, অবসর নেওয়ার সময় তাঁর ঝুলিতে ২২ খানা খেতাব। জোকোভিচ সেই সংখ্যা নিয়ে গেছেন ২৪–এ।
গ্র্যান্ড স্ল্যামের বাইরেও ফেডেরারের সাফল্য কম নয়। তাঁর নামের পাশে রয়েছে ১০৩টি ট্যুর–লেভেল শিরোপা এবং ১,২৫১টি ম্যাচ জয়—ওপেন যুগে জিমি কনর্স ছাড়া আর কারও নেই এমন নজির। বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ৩১০ সপ্তাহ, যার মধ্যে এক নম্বরেটানা ২৩৭ সপ্তাহ। ২০১৪ সালে সুইজারল্যান্ডকে ডেভিস কাপ জেতাতে বড় ভূমিকা নেন। ২০০৮ অলিম্পিকে স্ট্যান ওয়ারিঙ্কার সঙ্গে জিতেছিলেন ডাবলসে সোনা। ২০২২ সালে অবসর ঘোষণা করেন ফেডেরার। বিদায়ী ম্যাচ খেলেছিলেন লেভার কাপে।