এ বছর কোনও টুর্নামেন্টেই কোয়ার্টারের গণ্ডি পেরোতে পারেননি। চোটের কারণে মরশুম শেষ হলেও ব্যডমিন্টন তারকা জানিয়েছেন, ফিরে আসার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

পিভি সিন্ধু
শেষ আপডেট: 27 October 2025 14:34
দ্য ওয়াল ব্যুরো: পায়ের চোটে আগেভাগেই শেষ হল পিভি সিন্ধুর (PV Sindhu) এবারের মরশুম। সোমবার দু’বারের অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা নিজেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) জানালেন, চিকিৎসকের পরামর্শে তিনি চলতি মরশুমের বাকি টুর্নামেন্টগুলো থেকে নাম তুলে নিচ্ছেন।
সিন্ধু সেপ্টেম্বরের পর আর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। চায়না মাস্টার্স (China Masters Super 750) টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেই তাঁর জার্নি থেমে যায়। তার আগে ইউরোপীয় লিগে নামার আগে পায়ে চোট পান। যা পুরোপুরি সেরে না ওঠায় পরবর্তী ধারাবাহিক প্রতিযোগিতা থেকে বিরতি নিতে বাধ্য হয়েছেন। ফলে আর্কটিক ওপেন (Arctic Open), ডেনমার্ক ওপেন (Denmark Open) ও ফ্রেঞ্চ ওপেনের (French Open) মতো একাধিক বড় টুর্নামেন্টে দেখা যায়নি তাঁকে।
৩০ বছর বয়সি সিন্ধু এক্স (X)-এ লেখেন, ‘টিম ও চিকিৎসক ড. পারদিওয়ালার (Dr. Pardiwala) সঙ্গে আলোচনা করে আমরা ঠিক করেছি, ২০২৫ মরশুমের বাকি সময়টা বিশ্রাম নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ইউরোপীয় সফরের আগে পাওয়া পায়ের চোট এখনও পুরোপুরি সারেনি। এটা মেনে নেওয়া কঠিন। কিন্তু চোটই একজন খেলোয়াড়ের জীবনের অংশ। যা ধৈর্য আর মানসিক দৃঢ়তার পরীক্ষা নেয়। আবার ফিরিয়ে আনে নতুন আগুনও।’
এরপর জুড়ে দেন, ‘ড. ওয়েইন লোম্বার্ড (Dr. Wayne Lombard), নিশা রাওয়াত (Nisha Rawat), চেতনাকে (Chetna) ধন্যবাদ জানাই—ওরা প্রতিদিন আমার পাশে থেকেছে। কোচ ইরওয়ানসিয়ার (Irwansyah) তত্ত্বাবধানে পুনর্বাসন ও ট্রেনিং শুরু হয়ে গিয়েছে। তাঁদের বিশ্বাসই আমাকে আরও শক্তি জোগাচ্ছে।’
এই নিয়ে চার বছরে তৃতীয়বার সিন্ধু চোটের কারণে আগেভাগেই মরশুম শেষ করলেন। ২০২২ সালের কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) পায়ে স্ট্রেস ফ্র্যাকচার (Stress Fracture) ধরা পড়ার পর থেকেই চোট কেরিয়ারে লাগাতার ছায়া ফেলেছে। ধারাবাহিকতা খুঁজে পেতে সময় লেগেছে। চলতি বছর ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সিন্ধু। নতুন কোচ ইরওয়ানসিয়ার সঙ্গে প্র্যাকটিসে ঝাঁপিয়ে পড়ে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন। প্যারিসে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে (World Championships) দ্বিতীয় রাউন্ডে হারান বিশ্বের দুই নম্বর ওয়াং ঝি ই-কে (Wang Zhi Yi)। কোয়ার্টার ফাইনালে হেরে গেলেও আক্রমণাত্মক মেজাজে ধরা দেন।
২০২৪ সালে তিন বছরের খরা কাটিয়ে সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল (Syed Modi International) খেতাব জিতেছিলেন সিন্ধু। তবে এ বছর কোনও টুর্নামেন্টেই কোয়ার্টারের গণ্ডি পেরোতে পারেননি। চোটের কারণে মরশুম শেষ হলেও ব্যডমিন্টন তারকা জানিয়েছেন, ফিরে আসার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তাঁর ভাষায়, ‘আমি জানি, এটা কঠিন সময়। কিন্তু আমি কৃতজ্ঞ এবং আরও ক্ষুধার্ত আগামীর জন্য!’ চিকিৎসক ও কোচিং টিমের নজরদারিতে কামব্যাকের পথে সিন্ধু। আপাতত লক্ষ্য পুরোপুরি ফিট হয়ে ২০২৬ মরশুমে নতুনভাবে শুরু করা।