এক সাক্ষাৎকারে আলকারাজ বলেছিলেন—‘বিগ থ্রি-র টেবিলে বসতে চাই, কিন্তু বিশাল সাফল্যের আগেও সুখকে বেছে নেব!’ এই কথাটাই তাঁর দর্শন।

'সুখী' আলকারাজ
শেষ আপডেট: 2 February 2026 13:23
দ্য ওয়াল ব্যুরো: নামে আসে যায়!
আর কারও হোক না হোক—এই মুহূর্তে দুনিয়ার এক নম্বর টেনিস তারকার বিলক্ষণ আসে যায়। তাঁকে কেউ কার্লোস নামে ডাকুক, পছন্দ নয় আলকারাজের৷ ‘সত্যি বলতে কার্লোস শুনতে খুব গুরুগম্ভীর৷ যেন কোনও ভুল কিছু করে ফেলেছি আমি! আমার পছন্দের নাম কার্লিতোস অথবা শুধুই চার্লি।'—এক সাক্ষাৎকারে মন্তব্য করেন বছর বাইশের টেনিস তারকা।
কাছ থেকে চেনেন যাঁরা, তাঁদের মতে, এই অনায়াস ভঙ্গিটাই আসল পরিচয়। কোর্টে নামলে হাসি, উদ্ভাবনী শট আর নির্ভীক সিদ্ধান্তে ভরা এক আলাদা ছন্দ—তিনিই কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। পিতৃদত্ত নাম নিয়ে অনাগ্রহ আসলে ব্যক্তিত্বেরই ইঙ্গিত: জমকালো উত্তরাধিকার, রেকর্ডের চাপ, ‘নেক্সট কিং’তকমা—সব কিছুকে হালকা রাখাই আসল স্ট্র্যাটেজি।
কার্লিতোসের জন্মকথা: মুর্সিয়ার রোদে গড়া শৈশব
স্পেনের মুর্সিয়া শহরে টেনিস তাঁর রক্তে। পারিবারিক টেনিস ক্লাব, বাবার সংগ্রাম, ভাইদের সঙ্গ—সব মিলিয়ে ছোটবেলা থেকেই র্যাকেট হাতে বড় হওয়া। চার বছর বয়সে গা ঘামানো শুরু। প্রথম কোচ কিকো নাভারোর কথায়, ছোট কার্লিতোস হারলেই রাগের বশে র্যাকেট ভাঙত। কিন্তু ওই ক্রোধের মধ্যেই ছিল জেতার খিদে—হার মানতে না চাওয়ার জেদ।
এজেন্ট আলবার্ট মোলিনা ১১ বছর বয়সে তাঁকে দেখে জানান—এই ছেলের মধ্যে সাহস আছে, বৈচিত্র আছে, ঝুঁকি নেওয়ার মানসিকতা আছে। সেই বৈশিষ্ট্যই পরে তাঁকে আলাদা করেছে। প্রতিটি পয়েন্টে নতুন কিছু করার চেষ্টা—কখনও ভুল, কখনও বিস্ময়।
ফেরেরোর হাতে পরিবর্তন: স্বাধীনতাই আসল কোচিং
কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক আসে হুয়ান কার্লোস ফেরেরোর (Juan Carlos Ferrero) সঙ্গে কাজ শুরুর পর। ২০১৮ সালে ভিলেনায় ফেরেরোর অ্যাকাডেমিতে যাওয়া—সেখানেই আলকারাজের ‘হ্যাপি টেনিসে’র ভিত গড়ে তোলা। অনেক কোচ যেখানে তাঁর স্বাভাবিক ঝুঁকিপূর্ণ খেলাকে বেঁধে ফেলতে চাইতেন, সেখানে উল্টোটা করেন ফেরেরো। আনন্দটাই মূল, পারফরম্যান্স তার পরিণতি—এই দর্শন মেনে ট্রেনিং শুরু। শর্ত একটাই: সাহস হারানো যাবে না। ড্রপ শট, নেট অ্যাপ্রোচ, দুরূহ কোণ—সবই থাকবে। আলকারাজ যখন খুশি থাকেন, তখনই তিনি ভয়ংকর—বুঝতে ভুল করেননি ছেলেবেলার কোচ।
রেকর্ডের সিঁড়ি বেয়ে: ‘অসম্ভব’-কে স্বাভাবিক করা
১৫ বছর বয়সে চ্যালেঞ্জার সার্কিট, ষোলোয় এটিপি ডেবিউ। দ্রুত লিখে ফেললেন ইতিহাস। ২০২১ ইউএস ওপেনে শীর্ষ তিনের খেলোয়াড়কে হারিয়ে নজর কাড়েন। মাদ্রিদে পরপর রাফায়েল নাদাল (Rafael Nadal) ও নোভাক জোকোভিচকে (Novak Djokovic) হারানো—এমন নজির বিরল। এরপর গ্র্যান্ড স্ল্যাম জয়, বিশ্ব নম্বর এক, আর অবশেষে চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম সম্পূর্ণ—সবই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে—বিস্ময়কর!
এই সাফল্যের মধ্যেও আলকারাজের খেলায় সবচেয়ে আলাদা যে বিষয়—তিনি ম্যাচ উপভোগ করেন। জয়ের আনন্দে, প্রতিপক্ষের শটে বিস্ময়ে হেসে ওঠেন। দর্শকদের সঙ্গে খেলেন চোখে চোখ রেখে।
সুখী টেনিস বনাম কঠোর বাস্তব
জার্নি যে সব সময় রোদ-ঝলমলে ছিল, তা নয়। অলিম্পিক ফাইনালে জোকোভিচের কাছে হার, ইউএস ওপেনে হতাশাজনক বিদায়, মাঝেমধ্যে র্যাকেট ছোড়া—এ সব রয়েছে। তাঁর খেলার ধরণই এমন যে, না চললে খুব খারাপ দেখায়। নিরাপদ অপশন ছেড়ে ঝুঁকি নেওয়া অনেকের চোখে ‘অহেতুক’। কিন্তু এটাই আলকারাজের অলঙ্কার, তাঁর স্বভাব। বিশ্লেষকেরা যতই প্রশ্ন তুলুন—এত ঝুঁকি কি দরকার? উত্তরটা আলকারাজ নিজেই দিয়েছেন: তিনি খেলেন আনন্দের জন্য। আনন্দ না থাকলে সাফল্য অর্থহীন!
এখানেই তিনি আলাদা। রজার ফেডেরারের (Roger Federer) টাচ, নাদালের স্পিন, জোকোভিচের কভারেজ—তুলনা এসেছে কিংবদন্তি আন্দ্রে আগাসির (Andre Agassi) মুখে। কিন্তু আলকারাজ, সত্যি বলতে, কারও অনুকরণ নন… এক নিখুঁত, কাব্যিক মিশ্রণ!
নতুন যুগের দ্বন্দ্ব: আলকারাজ বনাম সিনার
এই প্রজন্মের সবচেয়ে বড় আখ্যান লিখছে আলকারাজ-সিনারের (Jannik Sinner) দ্বৈরথ। দু’জনের স্টাইল আলাদা, ব্যক্তিত্ব আলাদা। সিনার স্বভাবে শীতল, মেপে খেলেন; আলকারাজ আবেগী, বিস্ফোরক। এই দ্বন্দ্বই ভবিষ্যতের টেনিসকে রঙিন করে তুলবে। তথাকথিত ‘বিগ থ্রি’-র শূন্যস্থান পূরণের লড়াইয়ে ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করেছেন আলকারাজ—একবাক্যে মেনে নিয়েছেন সকলে।
শেষ কথা: ‘সুখ’ই কি আসল ট্রফি?
এক সাক্ষাৎকারে আলকারাজ বলেছিলেন—‘বিগ থ্রি-র টেবিলে বসতে চাই, কিন্তু বিশাল সাফল্যের আগেও সুখকে বেছে নেব!’ এই কথাটাই তাঁর দর্শন। হয়তো তাই তিনি রেস্তোরাঁয় বসে ভক্তদের সঙ্গে ছবি তোলেন, প্র্যাকটিস কোর্টে দর্শকদের সামনে খেলতে ভালোবাসেন। কার্লিতোস জানেন, কেরিয়ার বড় হবে, রেকর্ড বাড়বে। কিন্তু টেনিস কখনও জীবনের একমাত্র পরিচয় হতে পারে না। তিনি খেলবেন—মাথা, হৃদয় আর সাহস নিয়ে। ঠিক যেমনটা শিখেছিলেন ছেলেবেলায়, শিখিয়েছিলেন তাঁর দাদু, হাতে ধরে!