বিশ্বের এক নম্বর মহিলা খেলোয়াড়ের ম্যাচ বাতিলের বিকল্প ভাবা হচ্ছে, যাতে একজন পুরুষ খেলোয়াড়ের লড়াই নির্ধারিত সময়ে আয়োজিত হতে পারে—এটা শুধু সাংগঠনিক সমস্যা, নাকি এর আড়ালে একটা গভীর লিঙ্গবৈষম্য লুকিয়ে? আপাতত এই বিতর্কে তপ্ত টেনিস দুনিয়া।
.jpeg.webp)
সাবালেঙ্কা ও আলকারাজ
শেষ আপডেট: 22 March 2026 17:05
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়। মায়ামি ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সেই তাঁকেই আয়োজকরা জানালেন—ম্যাচ বাতিল করা হতে পারে। কেন? কারণ সেই রাতে ‘অন্য একজনে’র খেলা আছে। কে সেই ‘অন্য একজন’? না ‘পুরুষ বিভাগে’র মহাতারকা কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। কোর্টে নামবেন তিনিও।
আরিনা সাবালেঙ্কা (Aryna Sabalenka) অবশ্য অনড়। জেদ দেখিয়ে সময় অনুযায়ী খেলতে নামেন। যা জিতে সাংবাদিকদের সামনে গোটা ঘটনা ফাঁস করেছেন তিনি। জানিয়েছেন, আয়োজকদের ‘আর্জি’ শুনে কীভাবে হতবাক হয়ে যান!
ঘটনার নেপথ্যে অকালবর্ষণ। বৃষ্টির কারণে মায়ামি ওপেনে (Miami Open 2026) সূচি এলোমেলো হয়ে যায়। অ্যান লি-র বিরুদ্ধে সাবালেঙ্কার ম্যাচ এবং সেই রাতে নির্ধারিত আলকারাজ বনাম জোয়াও ফোনসেকার হাই-প্রোফাইল নাইট সেশন—দুটো একসঙ্গে মেলানো যাচ্ছিল না। আয়োজকরা তখন সাবালেঙ্কাকে বলে দেন—হয় ম্যাচ বাতিল হবে, নয়তো ছোট কোর্টে খেলতে হবে।
মেয়ে না ছেলে—কার লড়াই বেশি গুরুত্বপূর্ণ?
এই প্রশ্নটাই আপাতত আলোচনার কেন্দ্রে। সাবালেঙ্কার মন্তব্য, ‘আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম এটা শুনে, যে ওরা আমার ম্যাচ বাতিলের কথা ভাবছে। আলকারাজ ও ফোনসেকার ম্যাচ একটু দেরিতে শুরু হলে কী সমস্যা? আগের দিনও নাইট সেশন রাত ৯টায় আরম্ভ হয়েছিল। তাহলে আমার ম্যাচ বাতিলের প্রশ্ন কেন উঠল?’
প্রশ্নটা স্বাভাবিক। টেনিসে মেয়েদের ও ছেলেদের বিভাগ একইসঙ্গে চলে। গ্র্যান্ড স্ল্যামে সমান পারিশ্রমিক দেওয়া হয়। কিন্তু কোন লড়াই প্রাইম টাইমে থাকবে, কোন দ্বৈরথের জন্য শীর্ষ কোর্ট বরাদ্দ হবে—এই সিদ্ধান্তে বারবার মেয়েদের অবহেলা করা হয়। বিশ্বের এক নম্বর মহিলা খেলোয়াড়ের ম্যাচ বাতিলের বিকল্প ভাবা হচ্ছে, যাতে একজন পুরুষ খেলোয়াড়ের লড়াই নির্ধারিত সময়ে আয়োজিত হতে পারে—এটা শুধু সাংগঠনিক সমস্যা, নাকি এর আড়ালে একটা গভীর লিঙ্গবৈষম্য লুকিয়ে? আপাতত এই বিতর্কে তপ্ত টেনিস দুনিয়া।
সাবালেঙ্কার বার্তা
শেষমেশ সাবালেঙ্কা নিজেই সরে না এসে খেলার সিদ্ধান্ত নেন। তাঁর কথায়, ‘আজ খেললে জিতলে একদিন বিশ্রাম পাব। সেটাই ভাল!’ আয়োজকরা বিকল্প দিয়েছিলেন, তার মধ্যে সেরাটা বেছে নেন।
কোর্টের লড়াই অবশ্য যথেষ্ট চ্যালেঞ্জিং। অ্যান লি-র বিরুদ্ধে জয় ছিনিয়ে আনা মোটেও সহজ ছিল না। প্রথম সেট টাইব্রেকারে গড়াল—৭-৬ (৫)। কিন্তু দ্বিতীয় সেটে ফিরে পেলেন স্বাচ্ছন্দ্য—৬-৪। ম্যাচ জিততে মোট সময় লাগল ১ ঘণ্টা ৪২ মিনিট। মায়ামির তৃতীয় রাউন্ডে পরবর্তী প্রতিপক্ষ সহ-নাগরিক কেটি ম্যাকনালি। ঘটনাচক্রে দুজনের মধ্যে এর আগে কোনও পেশাদার ম্যাচ হয়নি।
উল্লেখ্য, সাবালেঙ্কা সম্প্রতি ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সও জিতেছেন। মায়ামিতেও সেই ফর্ম ধরে রেখেছেন। কিন্তু কোর্টের বাইরের ঘটনা একটা অস্বস্তিকর প্রশ্ন রেখে গেল—টেনিসের শীর্ষে থেকে আজও কি মহিলা খেলোয়াড়দের পুরুষদের জন্য পথ ছেড়ে দিতে হয়?