সোয়াইতোলিনা লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও সাবালেঙ্কার ফোরহ্যান্ডের গতি আর গভীরতা ভাঙতে ব্যররথ। শেষ পয়েন্টে নিখুঁত ফোরহ্যান্ড উইনার—মোট এক ঘণ্টা ১৬ মিনিটে ম্যাচ শেষ।

আরিনা সাবালেঙ্কা
শেষ আপডেট: 30 January 2026 11:35
দ্য ওয়াল ব্যুরো: উত্তেজনার আবহ ছিল শুরু থেকেই। প্রি-ম্যাচ সৌজন্য বিনিময় এড়িয়ে গেলেন এলিনা সোয়াইতোলিনা (Elina Svitolina)। কিন্তু কোর্টে ঢোকার পর অনুত্তেজিত আরিনা সাবালেঙ্কা (Aryna Sabalenka)। র্যাকেট হাতে ঠান্ডা মাথায় কাজের কাজ সেরে ফেললেন। অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) ২০২৬-এর সেমিফাইনালে দাপুটে ৬–২, ৬–৩ জয় ছিনিয়ে নিলেন সাবালেঙ্কা, নিশ্চিত হল টানা চতুর্থবার মেলবোর্নে ফাইনালে নামার টিকিট।
শুরুতে উত্তেজনা, সৌজন্য এড়িয়ে যাওয়া
রড লেভার অ্যারেনায় (Rod Laver Arena) ম্যাচ শুরুর আগে দৃশ্যটা চোখে পড়ার মতো। প্রথাগত হ্যান্ডশেক বা প্রি-ম্যাচ ফটো—কোনওটাতেই অংশ নেননি সোয়াইতোলিনা। ইউক্রেন–রাশিয়া যুদ্ধের প্রেক্ষিতে বেলারুশের ভূমিকা ঘিরে যে রাজনৈতিক টানাপোড়েন, তার ছায়া পড়ল কোর্টেও। প্রথম কয়েক গেমে সাবালেঙ্কার খেলাতেও তার রেশ দেখা গেল—দু’টি আনফোর্সড এরর, সার্ভে খানিকটা অস্বস্তি।
আরও বিতর্ক ছড়াল প্রথম সেটের চতুর্থ গেমে। একটি র্যালিতে সাবালেঙ্কার গ্রান্টকে ‘ডিসট্র্যাকশন’ধরে চেয়ার আম্পায়ার পয়েন্ট দেন সোয়াইতোলিনাকে। ভিডিও রিভিউ নিয়েও সিদ্ধান্ত বদলায়নি। যদিও এই একটি ঘটনাই যেন সাবালেঙ্কাকে আরও তাতিয়ে দিল।
কোর্টে নিয়ন্ত্রণ, দুই সেটেই দাপট
ব্রেক পয়েন্টে ফিরে ম্যাচের রাশ হাতে নিলেন সাবালেঙ্কা। প্রথম সেটে সোয়াইতোলিনা দু’টি সেট পয়েন্ট বাঁচালেও শেষরক্ষা হয়নি। শক্তিশালী রিটার্ন আর আগ্রাসী বেসলাইন গেমে ৬–২-এ সেট পকেটে পুরলেন বিশ্ব এক নম্বর তারকা।
দ্বিতীয় সেটে শুরুতে একবার ব্রেক খেয়েছিলেন সাবালেঙ্কা। কিন্তু থামেননি। দ্রুত ছন্দে ফিরে টানা তিনটি গেম জিতে ম্যাচের নিয়ন্ত্রণ ফের দখলে। সোয়াইতোলিনা লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও সাবালেঙ্কার ফোরহ্যান্ডের গতি আর গভীরতা ভাঙতে ব্যররথ। শেষ পয়েন্টে নিখুঁত ফোরহ্যান্ড উইনার—মোট এক ঘণ্টা ১৬ মিনিটে ম্যাচ শেষ।
ইতিহাসের পাতায় সাবালেঙ্কা, সামনে আরেক ফাইনাল
এই জয়ে ওপেন এরায় অস্ট্রেলিয়ান ওপেনে টানা চারটি সিঙ্গলস ফাইনালে ওঠা তৃতীয় খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা। তাঁর আগে এই কীর্তি রয়েছে ইভন গুলাগং (Evonne Goolagong) এবং মার্টিনা হিঙ্গিসের (Martina Hingis) ঝুলিতে। এটিই সাবালেঙ্কার কেরিয়ারের অষ্টম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। ২০২৩ ও ২০২৪-এর চ্যাম্পিয়নের নজরে এবার তৃতীয় শিরোপা। ফাইনালে প্রতিপক্ষ এলেনা রিবাকিনা (Elena Rybakina)।