দুবাইয়ে ‘Battle of the Sexes 2025’-এ আরিনা সাবালেঙ্কাকে স্ট্রেট সেটে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন নিক কিরিয়স।

ফাইল চিত্র
শেষ আপডেট: 29 December 2025 07:33
দ্য ওয়াল ব্যুরো: দুবাইয়ে (Dubai) টেনিস কোর্টে পর্দা নামল বহু চর্চিত লড়াই ব্যাটল অফ দ্য সেক্সেস-এর (‘Battle of the Sexes 2025’)। কোকা-কোলা অ্যারেনায় (Coca-Cola Arena) আয়োজিত এই বিশেষ প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হন অস্ট্রেলিয়ার নিক কিরিয়স এবং বেলারুশের তারকা আরিনা সাবালেঙ্কা। আগাম জল্পনায় সাবালেঙ্কার দিকেই পাল্লা ভারী মনে করেছিলেন অনেকেই। কিন্তু কোর্টের লড়াইয়ে সেই হিসেব বদলে দেন কিরিয়স। দুটি সেটেই ৬–৩ ব্যবধানে জয় তুলে স্ট্রেট সেটে ম্যাচ শেষ করেন অজি টেনিস তারকা।
লড়াইয়ে কিরিয়স এগিয়ে
ম্যাচের পরিসংখ্যানেই ধরা পড়ছে ব্যবধান। সাবালেঙ্কার ঝুলিতে কোনও এস নেই। তবু বলের গতিতে, বেসলাইন র্যালিতে এবং মানসিক চাপ তৈরিতে মেয়েদের পয়লা নম্বর তারকা বেশ কয়েকবার অস্ট্রেলিয়ানকে চাপে ফেলেন। প্রথম দুই সেটেই গুরুত্বপূর্ণ মুহূর্তে পয়েন্ট হাতছাড়া করেন সাবালেঙ্কা। একাধিকবার ব্রেকের সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ। অন্যদিকে, অভিজ্ঞতা আর ম্যাচ টেম্পো নিয়ন্ত্রণে রেখে সুযোগ বুঝে পয়েন্ট তুলে নেন কিরিয়স। ফলাফল—দুটি সেটেই ৬–৩, ৬–৩ ব্যবধানে জয়।
ম্যাচের পর প্রতিক্রিয়া: রিম্যাচের ইঙ্গিত
ম্যাচ শেষে সাবালেঙ্কা জানান, পরাজয় সত্ত্বেও নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। পাশাপাশি ফের একবার কিরিয়সের বিরুদ্ধে নামার আগ্রহও প্রকাশ করেন। বলেন, ‘দারুণ অনুভূতি। ভালো লড়াই করেছি। ও একটু একটু করে ক্লান্ত হয়ে পড়ছিল—সেটা দেখে ভালোই লেগেছে। ম্যাচের মান খুব ভাল। অনেক চমৎকার শট খেলেছি। পুরো ব্যাপারটা উপভোগ্য। মনে হয়, আবার খেললে ওর কৌশল আর শক্তিগুলো আরও নিখুঁতভাবে বুঝে নিতে পারব!’
প্রতিদ্বন্দ্বী কিরিয়সও প্রশংসায় ভরিয়ে দেন প্রতিপক্ষকে। সাবালেঙ্কাকে ‘ভয়ংকর প্রতিযোগী’ বলেই উল্লেখ করেন তিনি। অজি তারকার মন্তব্য, ‘সত্যি বলতে কী, ম্যাচটা খুব কঠিন ছিল। ও একাধিক গ্র্যান্ড স্ল্যাম জিতেছে, দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী। কী আশা করব, সেটা বুঝতেই পারছিলাম না। ও বারবার সার্ভ ব্রেক করেছে, আমাকে পুরোপুরি ফোকাস ধরে রাখতে হয়েছে।’