ম্যাচ শেষে নেটে আলিঙ্গন। র্যাকেট উঁচিয়ে ধরা, উল্লাস। বার্তা স্পষ্ট—রাজপাট বদলেছে। অস্ট্রেলিয়ান ওপেনের সিংহাসনে এবার এলেনা রিবাকিনা।

'বিজয়িনী' রিবাকিনা
শেষ আপডেট: 1 February 2026 10:41
দ্য ওয়াল ব্যুরো: চার বছর আগের স্মৃতি তাড়া করত তাঁকে। প্রথম সেট জিতেও সেবার ফাইনাল হাতছাড়া হয়েছিল। ২০২৩ সালে আবার শিরোপাদখলের ম্যাচে হার—প্রতিপক্ষ একই, বিশ্বের এক নম্বর। কিন্তু ২০২৬-এর মেলবোর্নে বদলে গেল দৃশ্যপট। অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে আরিয়ানা সাবালেঙ্কাকে (Aryna Sabalenka) ৬–৪, ৪–৬, ৬–৪ সেটে হারিয়ে খেতাব জিতে নিলেন এলেনা রিবাকিনা (Elena Rybakina)। যা এক অর্থে নিখাদ বদলার জয়।
চাপের মুখে নিয়ন্ত্রণ
ম্যাচের শুরু থেকে আগ্রাসী রিবাকিনা। প্রথম গেমেই ব্রেক, প্রথম সেট তাঁর পকেটে। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। তৃতীয় সেটে তো রিবাকিনা ০–৩ পিছিয়েও পড়েছিলেন। সেখান থেকে ম্যাচের সেরা কামব্যাক! টানা পাঁচটি গেম জিতে রাশ নিজের হাতে টেনে নেন কাজাখ তারকা। শেষ পয়েন্টে এস—চ্যাম্পিয়নশিপ পয়েন্টে হাতের মুঠোয়! পরিসংখ্যান বলছে, সার্ভই ছিল রিবাকিনার বড় অস্ত্র। ছ’টি এস, ব্রেক পয়েন্ট সামলেছেন নিখুঁতভাবে। সাবালেঙ্কার গর্জন, ‘লেট্স গো’—সবকিছুর মধ্যেও রিবাকিনা শান্ত, প্রায় নির্বিকার।
দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম, কেরিয়ারে নতুন মোড়
এই জয় রিবাকিনার দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। ২০২২ সালে উইম্বলডনের (Wimbledon) পর এতদিন বড় মঞ্চে ধারাবাহিকতা পাননি। অন্যদিকে সাবালেঙ্কা জিতেছেন একের পর এক মেজর—অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন। সেই তুলনায় রিবাকিনার গ্রাফ ছিল নিচের দিকে। তবে গত নভেম্বরে ডব্লিউটিএ ফাইনালে (WTA Finals) সাবালেঙ্কাকে হারানোর পর যেন মোড় ঘুরেছে। মেলবোর্নের এই ফাইনাল সেই পরিবর্তনের চূড়ান্ত প্রমাণ। ম্যাচ শেষে নেটে আলিঙ্গন। র্যাকেট উঁচিয়ে ধরা, উল্লাস। বার্তা স্পষ্ট—রাজপাট বদলেছে। অস্ট্রেলিয়ান ওপেনের সিংহাসনে এবার এলেনা রিবাকিনা।