সেরার পদক না জুটলেও প্রজ্ঞানন্দের জন্য সুখবর অন্য জায়গায়। মরশুমের জমকালো সমাপ্তি—গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালে জায়গা পাকা করলেন তিনি।

গুকেশ ও প্রজ্ঞানন্দ
শেষ আপডেট: 28 August 2025 18:01
দ্য ওয়াল ব্যুরো: নাটকীয় টাইব্রেকার। আর সেখানেই শেষ মুহূর্তে হোঁচট খেলেন আর প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa)। তবু হার থেকে আশার আলো। কারণ, সেন্ট লুইসে সিঙ্কফিল্ড কাপ (Sinquefield Cup) হাতছাড়া হলেও, প্রাজ্ঞানন্দ মরশুমের সবচেয়ে মর্যাদাপূর্ণ গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালে (Grand Chess Tour Finals) অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন।
বুধবার গভীর রাতে ঘড়ির কাঁটা যত এগিয়েছে, ততই ঘন হয়েছে উত্তেজনা। শেষ রাউন্ডে কারুয়ানা আর প্রজ্ঞানন্দ আধা পয়েন্টে এগিয়ে ছিলেন। ওয়েসলি সোয়ের (Wesley So) কাছে তখন একটাই পথ বাকি—জিততে হবে নোদিরবেক আবদুসাত্তোরভের বিরুদ্ধে। আর বাকি দুই বোর্ডে ড্র চাই। শেষমেশ সেটাই ঘটল। ফলে তিন জনের টাইব্রেকারে গড়াল ফাইনাল। ব্লিৎজ ঘরানায় (৫ মিনিট + ২ সেকেন্ড ইনক্রিমেন্ট) রাউন্ড-রবিন খেলার সিদ্ধান্ত নেওয়া হল।
ম্যাচ শুরুর আগে সো হাল্কা মজা করে প্রস্তাব দেন—তিন জনে মিলে শিরোপা ভাগ করে নেওয়া যাক! যেমনটা ২০২৪ বিশ্ব ব্লিৎজ চ্যাম্পিয়নশিপে কার্লসেন–নেপোমনিয়াচ্চি কিংবা ২০১৮ সালের সিঙ্কফিল্ড কাপে কার্লসেন–অ্যারোনিয়ান–কারুয়ানা করেছিলেন। কিন্তু প্রধান আরবিটার ক্রিস বার্ড সাফ জানিয়ে দেন, নিয়ম ভাঙা যাবে না।
টাইব্রেকারে প্রজ্ঞানন্দের শুরুটা ছিল দুরন্ত। কারুয়ানাকে ৩৩ চালেই ঘায়েল করেন। এমন অবস্থায় আমেরিকান গ্র্যান্ডমাস্টারের হাতে মেট-ইন-টু বাকি থাকলেও দ্বিতীয় খেলায় ছন্দ ধরে রাখতে পারেননি। সো-এর কাছে হেরে শিরোপাজয়ের স্বপ্ন ক্রমশ ফিকে হতে শুরু করে। সো পরে কারুয়ানার সঙ্গেও ড্র করলে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হন।
সেরার পদক না জুটলেও প্রজ্ঞানন্দের জন্য সুখবর অন্য জায়গায়। মরশুমের জমকালো সমাপ্তি—গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালে জায়গা পাকা করলেন তিনি। ব্রাজিলের সাও পাওলোয় ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চারজন গ্র্যান্ডমাস্টারের সেই লড়াইয়ে প্রজ্ঞানন্দের তিন প্রতিপক্ষ: ম্যাক্সিম ভাশিয়ে-ল্যাগ্রাভ, ফ্যাবিয়ানো কারুয়ানা আর লেভন অ্যারোনিয়ান। অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন দোম্মারাজু গুকেশের (D Gukesh) জন্য সিঙ্কফিল্ড কার্যত হতাশার আসর। দশ খেলোয়াড়ের মধ্যে অষ্টম স্থানে শেষ করলেন। মাত্র একটি জয়, ছ’টি ড্র, দু’টি হার।