বস্তুত, তিন বছরের মধ্যে এটাই গুকেশের বিরুদ্ধে প্রজ্ঞানন্দের প্রথম ক্লাসিকাল জয়। শেষবার জিতেছিলেন ২০২২ সালের এপ্রিলে, রেইকিয়াভিক ওপেনে। তারপর থেকে একের পর এক খেলায় গুকেশই শেষ হাসি হেসেছেন।

আর প্রজ্ঞানন্দ
শেষ আপডেট: 19 August 2025 13:43
দ্য ওয়াল ব্যুরো: সেন্ট লুইসে শুরু হল সিঙ্কফিল্ড কাপ (Sinquefield Cup 2025)। আর প্রথম দিনেই বাজিমাত আর প্রজ্ঞানন্দের (R Praggnanandhaa)। হারালেন বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশকে (D Gukesh)। আর এই জয়ের সুবাদে ফিডের (FIDE) লাইভ রেটিংয়ে উঠে এলেন ৩ নম্বরে। ২০ বছরের তরুণ গ্র্যান্ডমাস্টারের রেটিং এই মুহূর্তে ২৭৮৪। সামনে কেবল ম্যাগনাস কার্লসেন (২৮৩১) আর হিকারু নাকামুরা (২৮০২)। সিঁড়িভাঙার লড়াইয়ে পিছনে ফেলে দিলেন ফাবিয়ানো কারুয়ানাকে। যাঁকে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে আটকে দেন ইয়ান-ক্রিশটোফ দুদা। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি প্রজ্ঞানন্দ।
আজ, মঙ্গলবার দ্বিতীয় রাউন্ড। সামনে সেই কারুয়ানার। সরাসরি র্যাঙ্কিং প্রতিদ্বন্দ্বিতা। জিতলে অফিসিয়াল তালিকা, যা ১ সেপ্টেম্বর প্রকাশিত হওয়ার কথা, সেখানেও তৃতীয় স্থান দখলে সিলমোহর পড়বে।
চলতি সিঙ্কফিল্ড কাপ হল গ্র্যান্ড চেস ট্যুরের শেষ ধাপ। গোটা মরশুমজুড়ে দুর্দান্ত ছন্দে প্রজ্ঞানন্দ। রোমানিয়ায় সুপারবেট ক্লাসিক জয়ের পর থেকেই আলোচনায় ছিলেন। এবার গুকেশকে হারিয়ে এগোলেন আরও এক ধাপ।
বস্তুত, তিন বছরের মধ্যে এটাই গুকেশের বিরুদ্ধে প্রজ্ঞানন্দের প্রথম ক্লাসিকাল জয়। শেষবার জিতেছিলেন ২০২২ সালের এপ্রিলে, রেইকিয়াভিক ওপেনে। তারপর থেকে একের পর এক খেলায় গুকেশই শেষ হাসি হেসেছেন। তাই জয়ের পর প্রজ্ঞানন্দের গলায় স্বস্তির সুর। বললেন, ‘এখানে এটাই আমার প্রথম জয়। গত বছর ন’টা ড্র করেছিলাম। অনেক সহজ জয়ের সুযোগ নষ্ট করি। এবার অন্য গল্প। হ্যাঁ, আমি খুশি। এখানে খেলতে ভালো লাগছে!’
সেই সঙ্গে জুড়ে দেন, ‘গুকেশের বিরুদ্ধে গত কয়েক বছর ভাল ফল হয়নি। এটাই আমার প্রথম ক্লাসিকাল জয়, প্রায় তিন বছর বাদে। আগেরবারও ভাগ্যের জোরে জিতেছিলাম, কারণ ও পুরোপুরি জেতার অবস্থায় ছিল। তাই এবার অন্তত একটা জয় পেয়ে আমি খুশি!’