আনন্দ-কাসপারভের প্রতিদ্বন্দ্বিতা অনেক পুরনো। ৮২ বার অফিসিয়াল লড়াইয়ে মুখোমুখি হয়েছেন তাঁরা। ৩০টি গড়িয়েছে ড্র-তে। বাকি ম্যাচগুলোয় রুশ মহারথী শেষ হাসি হেসেছেন।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 21 August 2025 12:27
দ্য ওয়াল ব্যুরো: হতে পারে প্রদর্শনী ম্যাচ। বিনোদনই মোদ্দা বস্তু। কিন্তু বোর্ডের দু’প্রান্তে দুই প্রতিযোগী মুখোমুখি বসলে যাবতীয় ঠাট্টা-মশকরা যে জানালা দিয়ে উড়ে পালাবে, সেটা বুঝিয়ে দিচ্ছে দ্বৈরথের লাইন আপ! একদিকে বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)। তাঁর সামনে গ্যারি কাসপারভ (Gary Kasparov)। অন্যদিকে ডি গুকেশের (D Gukesh) প্রতিদ্বন্দ্বী ম্যাগনাস কার্লসেন (Manguns Carlsen)। প্রথম সংঘাত আগের প্রজন্মে দাবাপ্রেমীদের উত্তেজনা জুগিয়েছে। পরেরটা ইদানীং উন্মাদনা আনে! অক্টোবরেই সেন্ট লুইসে দাবার আসরে মুখোমুখি হবেন চার জন দাবাড়ু।
আনন্দ-কাসপারভের প্রতিদ্বন্দ্বিতা অনেক পুরনো। ৮২ বার অফিসিয়াল লড়াইয়ে মুখোমুখি হয়েছেন তাঁরা। ৩০টি গড়িয়েছে ড্র-তে। বাকি ম্যাচগুলোয় রুশ মহারথী শেষ হাসি হেসেছেন। শেষ দেখা ২০২১ সালে, ক্রোয়েশিয়ার জাগরেবে র্যাপিড ও ব্লিৎজ প্রতিযোগিতায়। সেবার জয় পান ক্যাসপারভ। চার বছর বাদে আবার বোর্ডে ফিরছে সেই ক্ল্যাসিক দ্বৈরথ।
সেন্ট লুইস চেস ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘দু’জন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন—গ্যারি কাসপারভ ও বিশ্বনাথন আনন্দ—৭ থেকে ১১ অক্টোবর বিশেষ ‘ক্লাচ চেস’ (লেজেন্ডস) প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হবেন। এমন লড়াই বিরল, এক প্রজন্মে মাত্র একবারই দেখার সুযোগ মেলে।’
আয়োজকদের সূত্রে খবর, এই ম্যাচ ক্লাবের খোলনলচে বদলে ফেলার পর প্রথম ইভেন্ট হতে চলেছে। সেন্ট লুইসকে দাবার রাজধানী হিসেবে গড়ে তোলার অঙ্গীকারও বার্তায় স্পষ্ট। পুরস্কারমূল্য ১,৪৪,০০০ মার্কিন ডলার। ১২ গেমের ‘চেস৯৬০’ (ফিশার র্যান্ডম) ম্যাচে মুখোমুখি হবেন তাঁরা। খেলা হবে র্যাপিড ও ব্লিৎজ টাইম কন্ট্রোলে। থাকছে নতুন ধরনের স্কোরিং সিস্টেম। যা খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদেরও আকৃষ্ট করবে!
এই প্রদর্শনীর কয়েকদিন পরেই, ২৭ থেকে ২৯ অক্টোবর, সেন্ট লুইসেই আয়োজিত হবে ‘ক্লাচ চেস: চ্যাম্পিয়নস শোডাউন’ (Clutch Chess: Champions Showdown)। লাইন আপে বিশ্বের পয়লা নম্বর কার্লসেন, দুই নম্বর হিকারা নাকামুরা, তিন নম্বর ফাবিয়ানো কারুয়ানা এবং বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ। চলতি বছরের সর্বোচ্চ রেটেড টুর্নামেন্ট। অর্থ পুরস্কার ৪,১২,০০০ মার্কিন ডলার। থাকবে দৈনিক জয়ের বোনাস ও বিশেষ চ্যাম্পিয়নস জ্যাকপটও। খেলা হবে ১৮ রাউন্ডের র্যাপিড ডাবল রাউন্ড-রবিন ফরম্যাটে। সময়সীমা প্রতি খেলোয়াড়ের জন্য ১০ মিনিট, সঙ্গে পাঁচ সেকেন্ড ইনক্রিমেন্ট। পয়েন্ট সিস্টেমও অভিনব—প্রথম দিনে জয়ের মূল্য এক পয়েন্ট, দ্বিতীয় দিনে দুই, শেষ দিনে তিন। টুর্নামেন্ট যত এগোবে, গুরুত্ব ততই বেড়ে চলবে।
আনন্দ-কাসপারভের মতো কার্লসেন-গুকেশ লড়াই নিয়েও আগ্রহ চরমে। এতদিন সব ফরম্যাট মিলিয়ে মুখোমুখি লড়াইয়ে নরওয়ের গ্র্যান্ডমাস্টার এগিয়ে ৩১-১২। ড্র হয়েছে ৬ বার। যদিও সাম্প্রতিক ফলাফলে অনেকটাই এগিয়ে ভারতের দাবাড়ু। যিনি বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর নতুন উদ্যমে এই মঞ্চে নামতে চলেছেন।