টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ চালালেও, চুপিচুপি শ্রীলঙ্কার কলম্বোর বিমানের টিকিট কেটে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সোমবারই রওনা দিতে পারে পাক দল।

ফাইল চিত্র
শেষ আপডেট: 28 January 2026 23:34
দ্য ওয়াল ব্যুরো: টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের (T20 World Cup participation) অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। তবে সব ঠিক থাকলে সোমবারই কলম্বোর উদ্দেশে রওনা দেবে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket)। তার আগেই দেশের ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত ঘোষণা করবেন বলে জানা যাচ্ছে।
টেলিকম এশিয়া স্পোর্ট-এর প্রতিবেদনে সূত্রের দাবি, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা থাকলেও পাকিস্তান দল ইতিমধ্যেই ভ্রমণের প্রস্তুতি সেরে ফেলেছে। সূত্র জানিয়েছে, “লাহোর থেকে এয়ার লঙ্কার একটি বিমানে অস্ট্রেলিয়া দলের সঙ্গেই কলম্বোর উদ্দেশে উড়ে যাওয়ার বুকিং রয়েছে পাকিস্তান দলের। আশা করা হচ্ছে, শুক্রবারের মধ্যেই পিসিবি প্রধান মহসিন নকভি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি পরিষ্কার করবেন।”
প্রসঙ্গত, বাংলাদেশের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার প্রতিবাদে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলে দেন মহসিন নকভি। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের আবেদন জানালেও, সেই অনুরোধ খারিজ করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)।
এই পরিস্থিতিতে সোমবার ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর সঙ্গে বৈঠক করেন নকভি। বিশ্বকাপে দল পাঠানো হবে কি না, সেই বিষয়ে প্রধানমন্ত্রীর মতামত নেন তিনি। সূত্রের খবর, বাংলাদেশের পাশে থাকার বিষয়ে পিসিবির অবস্থানকে সমর্থন করলেও, আর্থিক ক্ষতির কথা মাথায় রেখে বিশ্বকাপ বয়কট না করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া নকভি এই বিষয়ে পরামর্শ করেন রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ও সামরিক নেতৃত্বের সঙ্গেও। পরে তিনি প্রাক্তন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি ও রামিজ রাজা-র সঙ্গেও আলোচনা করেন। তাঁদের দু’জনেই শ্রীলঙ্কায় দল পাঠানোর পক্ষে মত দেন এবং ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট না করার পরামর্শ দেন বলে জানা গেছে।
এর মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি রয়েছে পাকিস্তানের। বৃহস্পতিবার থেকেই লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
সূত্রের দাবি, “দলকে বলা হয়েছে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ইতিবাচক মানসিকতা রাখতে। খাইবার পাখতুনখোয়া থেকে আসা কয়েকজন ক্রিকেটার ইতিমধ্যেই সমস্ত লাগেজ সঙ্গে করে এনেছেন, কারণ তাঁদের ধারণা এক মাসেরও বেশি সময় দেশের বাইরে থাকতে হতে পারে।”