IPL-এর ইতিহাসে সবচেয়ে দামী দল হতে চলেছে রাজস্থান রয়্যালস।

রাজস্থান রয়্যালস
শেষ আপডেট: 28 January 2026 23:11
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) ইতিহাসে নতুন আর্থিক নজির গড়ার পথে এগোচ্ছে রাজস্থান রয়্যালস (RR)। সূত্রের খবর, এই ফ্র্যাঞ্চাইজি দলটি (Rajasthan Royals valuation) বিক্রি করার প্রস্তুতি শুরু হয়েছে, আর তাতে IPL-এর বাজারমূল্যে বড়সড় পরিবর্তন আসতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বর্তমানে রাজস্থান রয়্যালসের প্রায় ৬৫ শতাংশ শেয়ার রয়েছে মনোজ বাদালে-র মালিকানাধীন রয়্যালস স্পোর্টস গ্রুপের হাতে, যা পরিচালিত হয় ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেড-এর মাধ্যমে। সংখ্যালঘু অংশীদার হিসেবে যুক্ত রয়েছেন ল্যাচলান মারডক (১৩ শতাংশ শেয়ার) এবং রেডবার্ড ক্যাপিটাল, যাদের মালিকানায় রয়েছে ১৫ শতাংশ অংশীদারিত্ব।
IPL-এ নতুন রেকর্ডের সম্ভাবনা
ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাজস্থান রয়্যালস কেনার দৌড়ে ইতিমধ্যেই চারজন আগ্রহী ক্রেতা পরবর্তী পর্বে পৌঁছে গিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন কাল সোমানি, যিনি আগেও এই ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে বিনিয়োগকারী হিসেবে যুক্ত ছিলেন। জানা যাচ্ছে, তিনি একটি কনসোর্টিয়াম গঠন করে প্রায় ১.৩ বিলিয়ন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক ১১,৯৫৬ কোটি টাকার প্রস্তাব দিয়েছেন।
তবে এই দর চূড়ান্ত হবে IPL-এর ভবিষ্যৎ মিডিয়া রাইটস বিক্রি থেকে আসা আয় কতটা হয়, তার উপর নির্ভর করে। অর্থাৎ, মিডিয়া রাইটসের দর যত বাড়বে, রাজস্থান রয়্যালসের মূল্যায়নও ততটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
আর কারা আগ্রহী?
কাল সোমানি ছাড়াও রাজস্থান রয়্যালস কেনার আগ্রহ দেখিয়েছেন
— টাইমস ইন্টারনেটের চেয়ারম্যান সত্যন গাজওয়ানি,
— ব্ল্যাকস্টোন ইনক,
— এবং কার্লাইল গ্রুপ ইনক।
উল্লেখযোগ্য ভাবে, ব্ল্যাকস্টোন ও কার্লাইল আগেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) কেনার ইচ্ছা প্রকাশ করেছিল। এরই মধ্যে ডিয়াজিও জানিয়ে দিয়েছে, তারা IPL-এর ২০২৬ মরশুম শুরুর আগেই RCB বিক্রি করার পথে হাঁটছে।
বর্তমান রেকর্ড কার?
এই মুহূর্তে IPL-এর সবচেয়ে দামী দল হিসেবে পরিচিত গুজরাট টাইটান্স (GT)। ২০২৫ সালে টরেন্ট গ্রুপ প্রায় ৫,০২৫ কোটি টাকায় ফ্র্যাঞ্চাইজিটির ৬৭ শতাংশ শেয়ার কিনে নেয়। এর ফলে গুজরাট টাইটান্সের মোট মূল্য দাঁড়ায় প্রায় ৭,৫০০ কোটি টাকা। এর আগে, ২০২২ সালে সিভিসি ক্যাপিটাল পার্টনার্স ৫,৬২৫ কোটি টাকায় GT কিনেছিল। একই বছরে লখনউ সুপার জায়ান্টস (LSG) দলটি RPSG গ্রুপ কিনে নেয় প্রায় ৭,০৯০ কোটি টাকায়।
রাজস্থান রয়্যালস বিক্রির পুরো প্রক্রিয়ার তদারকি করবে রেইন গ্রুপ। উল্লেখযোগ্যভাবে, এই সংস্থাই ২০২২ সালে চেলসি ফুটবল ক্লাব এবং ২০২৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব বিক্রির দায়িত্ব সামলেছিল।