২০২৫-২৬ মরশুমে আই লিগ নাম বদলাতে চলেছে ‘ইন্ডিয়ান ফুটবল লিগ’-এ। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু, নতুন ফর্ম্যাট ও ১১টি ক্লাবের সঙ্গে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ এখন কেমন হবে?

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 28 January 2026 21:34
দ্য ওয়াল ব্যুরো: আইএসএল-এর সম্ভাব্য সূচি ঘোষণার রেশ কাটতে না কাটতেই ভারতীয় ফুটবলে এল আরেকটি বড় আপডেট। মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) জানায়, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের এক নম্বর লিগ আইএসএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স। মার্চে হওয়ার কথা ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিও। এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সামনে এল নতুন খবর, নাম বদলাতে চলেছে আই লিগ।
একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৫-২৬ মরশুমে আই লিগ আয়োজন করা হবে নতুন নামে, ‘ইন্ডিয়ান ফুটবল লিগ’। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা এই টুর্নামেন্টের। যদিও এখনও AIFF-এর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে নাম পরিবর্তনের প্রস্তাব।
এক সময় ‘ন্যাশনাল লিগ’ নামে শুরু হয়ে পরে আই লিগ নামেই পরিচিতি পায় এই টুর্নামেন্ট। দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা হিসেবে গুরুত্ব পেয়েছে আই লিগ। তবে চলতি মরশুমে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কাঠামো নিয়ে তৈরি হওয়া জটিলতার প্রভাব পড়ে আইএসএল ও আই লিগ, দু’টির উপরেই। সেই জট কিছুটা কাটার পরই নাম বদলের প্রস্তাব আসে। স্পোর্টসস্টার-এর রিপোর্ট অনুযায়ী, অংশগ্রহণকারী ক্লাবগুলিই AIFF-কে ‘ইন্ডিয়ান ফুটবল লিগ’ নাম রাখার প্রস্তাব দিয়েছে।
তবে এই নাম বদল নিয়ে সমর্থকদের প্রতিক্রিয়া একরকম নয়। কেউ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, অনেকের মতেই শুধু নাম পাল্টে সমস্যার সমাধান হবে না। তাঁদের মতে, লিগের পরিকাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনা বেশি জরুরি।
কেমন হবে নতুন লিগের ফর্ম্যাট?
ইন্ডিয়ান ফুটবল লিগ আয়োজন করা হবে টু-স্টেজ ফর্ম্যাটে। প্রথমে লিগ পর্ব, তার পরে চ্যাম্পিয়নশিপ রাউন্ড ও রেলিগেশন রাউন্ড। এই ফর্ম্যাট নতুন নয়—২০২০-২১ ও ২০২১-২২ মরশুমেও এভাবেই আই লিগ অনুষ্ঠিত হয়েছিল।
এবারের লিগে মোট ১১টি দল অংশ নেবে। লিগ স্তরে প্রতিটি দল সিঙ্গল লেগ রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের বিরুদ্ধে খেলবে। লিগ শেষে পয়েন্ট তালিকার প্রথম ছয়টি দল যাবে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে। বাকি পাঁচটি দল খেলবে রেলিগেশন রাউন্ডে, যেখান থেকে দল নামবে ইন্ডিয়ান ফুটবল লিগ টু-তে। যদিও ঠিক কতগুলি দল অবনমিত হবে, তা এখনও জানানো হয়নি।
কারা খেলবে ইন্ডিয়ান ফুটবল লিগে?
এই টুর্নামেন্টে অংশ নেবে ডায়মন্ড হারবার এফসি, আইজ়ল এফসি, চার্চিল ব্রাদার্স, চানমারি এফসি, ডেম্পো এসসি, গোকুলাম কেরালা, নামধারী এফসি, রাজস্থান ইউনাইটেড, রিয়াল কাশ্মীর এফসি, শিলং লাজং এফসি এবং শ্রীনিধি ডেকান। সব মিলিয়ে, নাম বদলের সম্ভাবনার সঙ্গে সঙ্গে নতুন মরশুমে ইন্ডিয়ান ফুটবল লিগ কীভাবে নিজেকে তুলে ধরে, সেদিকেই এখন তাকিয়ে ভারতীয় ফুটবল মহল।