প্রশ্ন একটাই—মেলবোর্নে কি আরও এক ধাপ এগোবে সিনারের আধিপত্য, নাকি শেষ কথা বলবেন জোকার?

সেমিফাইনালে সিনার
শেষ আপডেট: 28 January 2026 17:25
দ্য ওয়াল ব্যুরো: মেলবোর্নে একতরফা আধিপত্য দেখিয়েই চলেছেন ইয়ানিক সিনার (Jannik Sinner)। কোয়ার্টার ফাইনালে বেন শেল্টনকে (Ben Shelton) ৬-৩, ৬-৪, ৬-৪ ব্যবধানে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) সেমিফাইনালে পৌঁছে গেলেন ইতালির তারকা। জায়গাটা সেই পরিচিত রড লেভার অ্যারেনা (Rod Laver Arena)। পরের বাধা টেনিস ইতিহাসের অন্যতম বড় নাম—নোভাক জোকোভিচ (Novak Djokovic)।
কতটা একতরফা দাপট, বলে দিচ্ছে পরিসংখ্যান
এই ম্যাচে নাটক খুঁজতে গেলে হতাশ হতে হবে। শুরু থেকেই সিনারের নিয়ন্ত্রণ। শেল্টনের শক্তিশালী সার্ভ আর আগ্রাসী ফোরহ্যান্ডকে কার্যত নিষ্ক্রিয় করে দেন তিনি। বেসলাইন থেকে নিখুঁত শট, প্রয়োজনমতো ড্রপ শট আর রিটার্নে অসম্ভব স্থিরতা—সব মিলিয়ে ম্যাচের রাশ কখনও সিনারের হাতছাড়া হওয়ার উপক্রম হয়নি।
পরিসংখ্যানও এর জোরালো প্রমাণ। শেল্টনের বিরুদ্ধে টানা অষ্টম জয় সিনারের। শুধু তাই নয়, এই আট ম্যাচে শেল্টন একটাও সেট জিততে পারেননি—টানা ২২ সেট ইতালীয় তারকার ঝুলিতে। অস্ট্রেলিয়ান ওপেনে শেষ ৩৭ সেটের মধ্যে ৩৬টিই জিতেছেন তিনি। মেলবোর্নে টানা ১৯ ম্যাচ অপরাজিত সিনার—তালিকায় আপাতত রজার ফেডেরারের (Roger Federer) পাশে দাঁড়িয়ে। সামনে শুধু নোভাক জোকোভিচ (Novak Djokovic), আন্দ্রে আগাসি (Andre Agassi) আর ইভান লেন্ডল (Ivan Lendl)।
কেন পারলেন না শেল্টন?
ম্যাচে নেমেছিলেন আত্মবিশ্বাস নিয়ে। আগের রাউন্ডগুলোয় সার্ভ আর ফোরহ্যান্ডে দাপট দেখান শেল্টন। কিন্তু সিনারের বিরুদ্ধে সমস্ত অস্ত্র ভোঁতা। কারণ একটাই—মানসিক চাপ! সিনার তাঁকে এক মুহূর্তের জন্যও ছন্দে আসতে দেননি। রিটার্নে গভীরতা রেখে শেল্টনের সার্ভিং গেম ভাঙা, লম্বা র্যালিতে ধৈর্য ধরে অপেক্ষা করা, আর সুযোগ পেলেই পয়েন্ট শেষ করা—তিন জায়গাতেই ম্যাচের ফারাক তৈরি হয়েছে। শেল্টন আগ্রাসী টেনিস খেললেও, গুরুত্বপূর্ণ পয়েন্টে ভুল বেড়েছে। সিনারের বিরুদ্ধে যা সবচেয়ে বড় ‘অপরাধ’!
সেমিফাইনালে ‘ব্লকবাস্টার’: সিনার বনাম জোকোভিচ
এবার আসল খেলা। সেমিফাইনালে সিনার বনাম জোকোভিচ। হেড-টু-হেডে সিনার এগিয়ে ৬-৪। আরও চমকপ্রদ তথ্য—শেষ পাঁচবারের সাক্ষাতে সব ক’টিতেই জিতেছেন তিনি। টানা নয় সেটে শেষ হাসি হেসেছেন জোকোভিচের বিরুদ্ধে। যিনি সিনারকে হারান ২০২৩ সালে। ওই শেষ। তারপর থেকে তরুণ তারকার একচ্ছত্র দাপট!
এমনিতেও মেলবোর্নের এখনকার রাজা সিনার—টানা তিন নম্বর বার রড লেভার অ্যারেনায় সেমিফাইনাল, ন’টি গ্র্যান্ড স্ল্যাম শেষ চারে খেলার অভিজ্ঞতা। অন্যদিকে, তাঁর উল্টোদিকে এই কোর্টে ১০ বার ট্রফি জেতা জোকোভিচ—পাহাড়প্রমাণ অভিজ্ঞতা! প্রশ্ন একটাই—মেলবোর্নে কি আরও এক ধাপ এগোবে সিনারের আধিপত্য, নাকি শেষ কথা বলবেন জোকার?