মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় সপ্তাহে একদিকে ইতালির ইয়ানিক সিনার ও পোল্যান্ডের ইগা শিয়নটেক অনায়াসে পৌঁছে গেলেন শেষ আটে।

ইয়ানিক সিনার
শেষ আপডেট: 26 January 2026 17:00
দ্য ওয়াল ব্যুরো: মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় সপ্তাহে একদিকে ইতালির ইয়ানিক সিনার (Jannik Sinner) ও পোল্যান্ডের ইগা শিয়নটেক (Iga Swiatek) অনায়াসে পৌঁছে গেলেন শেষ আটে। অন্যদিকে, পুরুষদের ডাবলসে হেরে ইউকি ভাম্বরির (Yuki Bhambri) বিদায়ের সঙ্গে ভারতের শেষ ভরসাও গেল নিভে।
সিনারের জয়, আত্মবিশ্বাসী বার্তা
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার (Jannik Sinner) অভিযান ধরে রাখলেন স্বভাবোচিত দৃঢ়তায়। চতুর্থ রাউন্ডে হারালেন স্বদেশি লুচিয়ানো দারদেরিকে (Luciano Darderi)। ফল: ৬-১, ৬-৩, ৭-৬ (২)। ম্যাচের আগে ‘হুপ’ ট্র্যাকার বিতর্কে খানিক আলোড়ন হলেও কোর্টে তার কোনও ছাপ পড়েনি। শুরু থেকেই ছোট র্যালিতে আধিপত্য বজায় রেখে সিনার প্রথম দু’টি সেটে কার্যত একতরফা দাপট দেখান।
তৃতীয় সেটে দারদেরি লড়াইয়ে ফেরার চেষ্টা চালান। ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে টাইব্রেকে নিয়ে যান ম্যাচ। কিন্তু সেখানেই নিজের ক্লাস চেনান সিনার—পরপর সাত পয়েন্ট জিতে লড়াই শেষ! এই ম্যাচে ১৯টি এস হাঁকিয়ে গ্র্যান্ড স্ল্যামে নিজের কেরিয়ারের সেরা সার্ভিং পারফরম্যান্সও মেলে ধরলেন তিনি। কোয়ার্টার ফাইনালে সামনে হয় বেন শেলটন (Ben Shelton) অথবা কাসপার রুড (Casper Ruud)—আর দূর নজরে সম্ভাব্য সেমিফাইনালিস্ট নোভাক জোকোভিচ (Novak Djokovic)!
শিয়নটেকের দাপট, ইতিহাসের পাতায় নাম
মহিলাদের বিভাগে দাপট অব্যাহত ইগা শিয়নটেকের (Iga Swiatek)। অস্ট্রেলিয়ার ম্যাডিসন ইংলিসকে (Maddison Inglis) ৬-০, ৬-৩-এ হারিয়ে অনায়াসে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন বিশ্বের দুই নম্বর খেলোয়াড়। ম্যাচের শুরু থেকেই রিটার্নে চাপ, বেসলাইন কভারেজ আর নিখুঁত মুভমেন্টে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখেন শিয়নটেক।
এই জয়ের সঙ্গে একটি বড় রেকর্ডও ছুঁলেন তিনি। টানা ছ’টি গ্র্যান্ড স্ল্যামে কোয়ার্টার ফাইনালে পৌঁছে সবচেয়ে কম বয়সি খেলোয়াড় হিসেবে জায়গা করে নিলেন ইতিহাসে—শেষবার যা হাসিল করেছিলেন সেরেনা উইলিয়ামস (Serena Williams)। এখন শিয়নটেকের সামনে বড় চ্যালেঞ্জ, কোয়ার্টার ফাইনালে এলেনা রাইবাকিনা (Elena Rybakina)। হেড-টু-হেডে লড়াই হাড্ডাহাড্ডি, ফলে ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা!
ইউকি ভাম্বরির বিদায়, থামল ভারতের অভিযান
ভারতের জন্য দিনটা শেষ পর্যন্ত হতাশার। পুরুষদের ডাবলসের তৃতীয় রাউন্ডে ইউকি ভাম্বরি (Yuki Bhambri) ও তাঁর সুইডিশ সঙ্গী আন্দ্রে গোরানসন (Andre Goransson) হেরে যান ব্রাজিলের অরল্যান্ডো লুজ (Orlando Luz) ও রাফায়েল মাতোসের (Rafael Matos) কাছে ৬-৭, ৩-৬ ব্যবধানে। প্রথম সেটে টাইব্রেক পর্যন্ত লড়াই করলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে ছন্দ হারান ভাম্বরিরা।
এই হারের জেরে অস্ট্রেলিয়ান ওপেনে ভারতের অভিযান পুরোপুরি শেষ হয়ে গেল। এর আগে মিক্সড ডাবলস থেকে ছিটকে গিয়েছিলেন ভাম্বরি, পুরুষদের ডাবলসে আগেই বিদায় নিয়েছিলেন এন শ্রীরাম বালাজি (N Sriram Balaji)। জুনিয়র বিভাগে প্রথম রাউন্ডেই উবে যায় যাবতীয় আশা।