এই সাফল্যের পর ভারতীয় সেনাবাহিনীর দৌড়বিদের নজর জুলাইয়ে গ্লাসগো কমনওয়েলথ গেমস ও সেপ্টেম্বরে জাপান এশিয়ান গেমসে পোডিয়াম ফিনিশের দিকে।

গুলবীর সিং
শেষ আপডেট: 16 March 2026 11:41
দ্য ওয়াল ব্যুরো: নিউ ইয়র্ক সিটি হাফ ম্যারাথনে (NYC Half Marathon 2026) ইতিহাস লিখলেন ভারতের গুলবীর সিং (Gulveer Singh)। রোববার ২১ কিলোমিটার দৌড়ে ব্রোঞ্জ জিতলেন ২৭ বছরের এই দূরপাল্লার দৌড়বিদ। সময় ৫৯ মিনিট ৪২ সেকেন্ড—ভারতীয় হাফ ম্যারাথনের ট্র্যাকে নতুন জাতীয় রেকর্ড (Indian National Record Half Marathon)। এই পারফরম্যান্সের সুবাদে গুলবীরই প্রথম ভারতীয় পুরুষ দৌড়বিদ, যিনি হাফ ম্যারাথনে এক ঘণ্টার দেওয়াল ভাঙলেন!
আগের রেকর্ড কার ছিল?
২০২০ সালে দিল্লি হাফ ম্যারাথনে ১ ঘণ্টা ০০ মিনিট ৩০ সেকেন্ড সময় করে জাতীয় রেকর্ড গড়েন অবিনাশ সাবলে। গুলবীর সেই রেকর্ড থেকে ৪৮ সেকেন্ড কম সময়ে ফিনিশ করলেন। নিশ্চিতভাবে ভারতীয় দূরপাল্লার দৌড়ের ইতিহাসে এটি আগামীতে অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে বিবেচিত হবে।
বিশ্বমানের ফিল্ডে তৃতীয়
প্রতিযোগিতা মোটেও সহজ ছিল না। দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান ওয়াইল্ডশাট জিতেছেন ৫৯:৩০ সময়ে। মরক্কোয় জন্মানো আমেরিকান জুহায়ের তালবি দ্বিতীয় হয়েছেন ৫৯:৪১-এ। গুলবীর তাঁর মাত্র এক সেকেন্ড পিছনে—বৈশ্বিক মঞ্চে এটা অসাধারণ সাফল্য। প্রসঙ্গত, এটি ছিল পাঞ্জাবি স্প্রিন্টারের পেশাদার হাফ ম্যারাথনে অভিষেক! আর প্রথম রেসেই পোডিয়ামে উঠলেন তিনি। ইদানীং কলোরাডো স্প্রিংসে প্রশিক্ষণ নিচ্ছেন গুলবীর। খেতাব জিতে বললেন, ‘আপাতত ফিট, সামনের বড় রেসগুলোয় ভালো ফল করার অপেক্ষায় আছি!’
পরের লক্ষ্য কমনওয়েলথ ও এশিয়ান গেমস
এই সাফল্যের পর ভারতীয় সেনাবাহিনীর দৌড়বিদের নজর জুলাইয়ে গ্লাসগো কমনওয়েলথ গেমস ও সেপ্টেম্বরে জাপান এশিয়ান গেমসে পোডিয়াম ফিনিশের দিকে। ৩,০০০ মিটার থেকে ২৫ কিলোমিটার রোড রেস পর্যন্ত একাধিক জাতীয় নজির তাঁর নামে। পুরুষদের ৫,০০০ মিটার ও ১০,০০০ মিটারেও রেকর্ড ধরে রেখেছেন। ২০২২ এশিয়ান গেমসে ১০,০০০ মিটারে পদক জয়। ২০২৫ সালে দক্ষিণ কোরিয়ার গুমিতে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৫,০০০ ও ১০,০০০ মিটারে সোনা জিতেছেন।