স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে—এটাই কি তবে জোকোভিচের শেষ গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল? নাকি আরও একবার ইতিহাস লেখার তাগিদে তিনি কোর্টে কামব্যাক করবেন?

নোভাক জোকোভিচ
শেষ আপডেট: 2 February 2026 11:24
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) ফাইনালে হারের পর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত নোভাক জোকোভিচ (Novak Djokovic)। রড লেভার অ্যারেনায় চার সেটে স্পেনের তরুণ তারকা কার্লোস আলকারাজের (Carlos Alcaraz) কাছে পরাজয়। যার জেরে সার্বিয়ান কিংবদন্তির মুখে শোনা গেল এমন কথা, যা অবসরের জল্পনাকে আরও উসকে দিয়েছে!
৩৮ বছরের জোকোভিচ ফাইনালের পর বলেন, ‘এটা দারুণ একটা জার্নি ছিল। কাল কী হবে, ঈশ্বরই জানেন!’ এই মন্তব্যে স্পষ্ট, তাঁর কেরিয়ার কোন পথে যাবে—তা নিয়েই অনিশ্চয়তা ঘনাচ্ছে। এই হারের জেরে জোকোভিচের গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) খেতাব সংখ্যা আটকে রইল ২৪-এ। তিনি এখন কিংবদন্তি মার্গারেট কোর্টের সঙ্গে যৌথভাবে শীর্ষে। সর্বকালের একক রেকর্ড গড়তে হলে দরকার আর একটি শিরোপা। কিন্তু সেই লক্ষ্য আদৌ পূরণ হবে কি না, সে প্রশ্ন এখন সবচেয়ে বড়।
মেলবোর্নের দর্শকদের সঙ্গে জোকারের সম্পর্ক বরাবরই অন্যরকম। এবারের টুর্নামেন্টেও শেষ কয়েকটি ম্যাচে দর্শকদের ভালোবাসা তাঁকে আপ্লুত করেছে। ফাইনালের পর জোকোভিচকে মাইকে বলতে শোনা যায়, ‘শেষ কয়েকটা ম্যাচে যে ভালোবাসা আর সমর্থন পেয়েছি, সেটা অস্ট্রেলিয়ায় আগে কখনও পাইনি। এত পজিটিভ শক্তি—বছরের পর বছর ভালো টেনিস আপনাদের ফিরিয়ে দিতে আমি চেষ্টা চালিয়ে গিয়েছি ।’পরে আরও যোগ করেন, ‘সত্যি বলতে কী, আমি ভাবিনি আবার কোনও গ্র্যান্ড স্ল্যামের সমাপ্তি অনুষ্ঠানে দাঁড়াব। এই কয়েক সপ্তাহে আপনারাই আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছেন।’
২০২৪ সালে উইম্বলডনের (Wimbledon) ফাইনালে আলকারাজের কাছে হারের পর এটিই ছিল জোকোভিচের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। তাই এবারের অস্ট্রেলিয়ান ওপেন আলাদা গুরুত্ব বহন করছিল। কিন্তু শিরোপা হাতছাড়া হওয়ার সঙ্গে সঙ্গেই ভবিষ্যৎ নিয়ে তাঁর কথায় ধরা পড়ল দ্বিধা। ‘ছয় মাস বা বারো মাস পরে কী হবে, সেটাও জানি না!’ বলেন জোকোভিচ। এরপর জুড়ে দেন, ‘তাই যা হয়েছে, সেটা একটা অসাধারণ জার্নি হিসেবেই দেখছি। আমি আপনাদের ভালোবাসি।’
এই বক্তব্যের পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে—এটাই কি তবে জোকোভিচের শেষ গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল? নাকি আরও একবার ইতিহাস লেখার তাগিদে তিনি কোর্টে কামব্যাক করবেন? উত্তর আপাতত অজানা।