পরিবারের সঙ্গে দূরত্বের কারণ এবার প্রকাশ্যে আনলেন ব্রুকলিন বেকহ্যাম। মায়ের বিরুদ্ধে আনলেন গুরুতর অভিযোগ।

ব্রুকলিন বেকহ্যাম
শেষ আপডেট: 20 January 2026 15:48
দ্য ওয়াল ব্যুরো: বেকহ্যাম পরিবারে (Beckham Family) যে ফাটল ধীরে ধীরে গভীর হচ্ছিল, তা বোঝাই যাচ্ছিল। এবার একেবারে হাটে হাঁড়ি ভাঙলেন ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যামের বড় ছেলে ব্রুকলিন। বাবা-মায়ের সঙ্গে কেন সম্পর্ক তলানিতে যে নিয়ে দিলেন জবাব।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) একাধিক পোস্টে নিজের বাবা-মায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন। শুধু তাই নয়, প্রকাশ্যে জানালেন, বেকহ্যাম দম্পতির সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করে তাঁদের ব্লক করে দিয়েছেন তিনি।
ব্রুকলিনের অভিযোগ, পারিবারিক সম্পর্কের থেকে সামাজিক ভাবমূর্তি (Public Image) আর মিডিয়ার আলোকে বেশি গুরুত্ব দেয় তাঁর পরিবার। আর সেখানেই মূল সমস্যা। তিনি বলেন, “সারা জীবন আমাদের পরিবার নিয়ে মিডিয়া ভুল তথ্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্ট, পারিবারিক অনুষ্ঠান আর লোকদেখানো সম্পর্ককেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।”
তাঁর দাবি, পরিবার থেকে দূরে সরে আসার পর মানসিকভাবে তিনি অনেক বেশি ভাল আছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে (Instagram Story) নিজের বর্তমান জীবন, বিয়ে এবং মানসিক শান্তির কথাও তুলে ধরেছেন তিনি।
২০২২ সালে পাম বিচে (Palm Beach) মার্কিন অভিনেত্রী নিকোলা পেলটজের (Nicola Peltz) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ব্রুকলিন। সেই বিয়েকে কেন্দ্র করে না কি সম্পর্কের অবনতি শুরু। ব্রুকলিনের অভিযোগ, বিয়ের ঠিক শেষ মুহূর্তে নিকোলার বিয়ের গাউন (Wedding Gown) তৈরি আটকে দেন তাঁর মা ভিক্টোরিয়া। ফলে বাধ্য হয়ে বিকল্প পোশাক বেছে নিতে হয় নিকোলাকে। সেই সময় সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা ঘুরলেও এবার তাতে সিলমোহর দিলেন ব্রুকলিন নিজেই।
এখানেই শেষ নয়। আরও বিস্ফোরক অভিযোগ আনেন তিনি। জানান, নিজের বিয়ের অনুষ্ঠানে স্ত্রী নিকোলার সঙ্গে প্রথম নাচ (First Dance) করার সময়েও হস্তক্ষেপ করেন তাঁর মা। ব্রুকলিনের দাবি, ৫০০ জন অতিথির সামনে অনুপযুক্তভাবে তাঁর সঙ্গে নাচ করেন ভিক্টোরিয়া, যা তাঁকে চরম অস্বস্তিতে এবং লজ্জায় ফেলে দেয়। সেই ঘটনার পর থেকেই সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে।
এখানেই শেষ নয়। ২০২৫ সালে পরিস্থিতি আরও খারাপ হয়। ডেভিড বেকহ্যামের (David Beckham) ৫০তম জন্মদিন এবং নাইটহুড (Knighthood) উদযাপন উপলক্ষে বড় পার্টির আয়োজন করেছিল পরিবার। অথচ সেই অনুষ্ঠানের কোনও ছবিতেই দেখা যায়নি ব্রুকলিনকে। এ নিয়ে মুখ খুলে ব্রুকলিন জানান, তিনি এবং নিকোলা লন্ডনে (London) উড়ে গিয়েছিলেন বাবার জন্মদিনে যোগ দিতে। কিন্তু এক সপ্তাহ হোটেল ঘরেই কাটাতে হয় দুজনকে। অভিযোগ, পার্টির আগে তাঁদের সঙ্গে দেখা করেননি ডেভিড।
শেষপর্যন্ত ছেলের সঙ্গে দেখা করতে রাজি হলেও শর্ত দেন ডেভিড—নিকোলাকে সঙ্গে আনা যাবে না। এই শর্তেই ভেঙে পড়েন তিনি। এরপরই বাবা-মাকে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নেন।
এই প্রসঙ্গে ব্রুকলিনের স্পষ্ট বক্তব্য, “আমার স্ত্রী ও আমার প্রচারের আলোয় থাকতে ভাল লাগে না। মিডিয়া আর প্রতারণা থেকে দূরে থাকতে চাই। আমরা নিজেদের জন্য এবং ভবিষ্যতের পরিবারের জন্য শুধু সুখ-শান্তি আশা করি। এটুকু তো পাব নিশ্চয়ই।”
এত গুরুতর অভিযোগ প্রকাশ্যে এলেও এখনও পর্যন্ত ডেভিড বা ভিক্টোরিয়া বেকহ্যাম কেউই এই বিষয়ে মুখ খোলেননি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা পরিবার কি আদৌ আবার এক ছাদের তলায় ফিরবে, নাকি এই দূরত্বই চূড়ান্ত?