রাসেল নেই, কিন্তু তাঁর ব্যাট মাঠে। আর সেটাই হাতে তুলে নিয়ে রেকর্ডবুকে নাম তুলে ফেললেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড।

টিম ডেভিড
শেষ আপডেট: 26 July 2025 13:19
দ্য ওয়াল ব্যুরো: রাসেল নেই, কিন্তু তাঁর ব্যাট মাঠে। আর সেটাই হাতে তুলে নিয়ে রেকর্ডবুকে নাম তুলে ফেললেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করে নজির গড়লেন তিনি। এই ইনিংসেই অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির নতুন ইতিহাস লিখলেন ডেভিড।
তবে শুধু রেকর্ডই নয়, এই ঝোড়ো ইনিংসের পেছনে আছে এক অদ্ভুত ক্রিকেট কাহিনি—কারণ এই ম্যাচে ডেভিড খেলেছেন আন্দ্রে রাসেলের ব্যাটে। হ্যাঁ, ঠিকই পড়ছেন! সদ্য অবসর নেওয়া ক্যারিবিয়ান সুপারস্টার রাসেলের সেই বিখ্যাত ব্যাটটিই ছিল টিম ডেভিডের হাতে।
ম্যাচ শেষে ডেভিড জানালেন, “প্রায় এক বছর ধরে রাসেলের ব্যাটটা আমার কাছে ছিল। আজ মনে হল, সময় এসেছে ওটা ব্যবহার করার। আর তাতেই এল এই রেজাল্ট।” এই ম্যাচে ৩৭ বলে ১০২ রানে অপরাজিত থাকেন ডেভিড। হাঁকান ১১টি ছক্কা। অজি ক্রিকেট ইতিহাসে টি-টোয়েন্টিতে এক ইনিংসে দ্বিতীয় সর্বাধিক ছক্কার মালিক এখন তিনি।
মাত্র ১৬ বলে করেন হাফ সেঞ্চুরি, ভেঙে দেন মার্কাস স্টোইনিস ও ট্র্যাভিস হেডের যুগ্ম রেকর্ড (১৭ বলে)। এরপর ৩৭ বলে পূর্ণ করেন শতরান, যা ভেঙে দেয় জশ ইংলিশের করা ৪৩ বলে সেঞ্চুরির রেকর্ডও।
ডেভিড বলছেন, “আমি পাওয়ার হিটিং নিয়ে অনেক সময় ধরে প্র্যাক্টিস করেছি। তবে এখন ফোকাস করছি শট নির্বাচনের উপর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাও কাজে লেগেছে। এই মাঠে ছোট বাউন্ডারি এবং ব্যাটিং সহায়ক উইকেট থাকায় রান আসছিল তুলনামূলক সহজে।”
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২১৪ রানের বিশাল লক্ষ্য অস্ট্রেলিয়া পেরিয়ে যায় ২৩ বল হাতে রেখেই। আর এই জয়ের মঞ্চ গড়েই দিলেন রাসেলের ব্যাট হাতে নেওয়া এক অজি ব্যাটার—নামটিম ডেভিড।