যখনই প্রতিপক্ষ প্রথম ইনিংসে ১৫০+ রানের লিড অর্জন করেছে, তখনই সেই ম্যাচগুলিতে টিম ইন্ডিয়ার রেকর্ড মোটেও ভাল নয়।

টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 26 July 2025 13:14
দ্য ওয়াল ব্যুরো: ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচটি (England vs India Fourth Test) ম্যাঞ্চেস্টারে (Manchester) চলছে। তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে সাত উইকেটে ৫৪৪ রান করেছে। প্রথম ইনিংসে তারা ইতিমধ্যেই ১৮৬ রানে এগিয়ে গিয়েছে। ভারত প্রথম ইনিংসে করেছিল ৩৫৮ রান।
চতুর্থ টেস্টের যা গতিবিধি, তাতে এটা নিশ্চিত যে, বড় কোনও অঘটন না ঘটলে ম্যাঞ্চেস্টার টেস্টে ভারতের দুর্দশা আরও বাড়তে চলেছে। আর সেটা হলে ম্যাঞ্চেস্টারেই সিরিজও পকেটে পুড়ে নেবে ইংল্যান্ড।
এদিকে, পরিসংখ্যান বলছে, যখনই প্রতিপক্ষ প্রথম ইনিংসে ১৫০+ রানের (First Innings 150+ Lead) লিড অর্জন করেছে, তখনই সেই ম্যাচগুলিতে টিম ইন্ডিয়ার রেকর্ড মোটেও ভাল নয়। এমন পরিস্থিতিতে, ১২৭টি টেস্টের মধ্যে, ভারতীয় দল মাত্র দু’টি ম্যাচ জিততে সক্ষম হয়েছে। এখন প্রশ্ন উঠছে, টিম ইন্ডিয়া কি ম্যাঞ্চেস্টারে ফিরে আসতে পারবে? ভারতীয় দল কি ম্যাঞ্চেস্টারে তাদের প্রথম টেস্ট জিতে ইতিহাস তৈরি করতে পারবে?
এখনও পর্যন্ত, ভারতের বিরুদ্ধে ১২৭টি টেস্টে প্রতিপক্ষ দল প্রথম ইনিংসে ১৫০ বা তার বেশি রানের লিড পেয়েছে। এর মধ্যে টিম ইন্ডিয়া দু’টিতে জিতে পেরেছে, যেখানে তারা ৯৩টি টেস্ট হেরেছে। ৩২টি টেস্ট ড্র হয়েছে। এই সমীকরণে, ভারতের জয়ের শতাংশ ১.৫৭। এমন পরিস্থিতিতে, টিম ইন্ডিয়া চতুর্থ দিনে যত তাড়াতাড়ি সম্ভব ইংল্যান্ডকে গুটিয়ে দিয়ে ইনিংস পরাজয় এড়াতে চাইবে। টেস্টের আরও দুই দিন বাকি আছে এবং পঞ্চম দিনে ব্যাটিং করা সহজ হবে না।
চতুর্থ টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে ইতিমধ্যেই ৫৪৪ রান করেছে। হাতে রয়েছে আরও তিনটি উইকেট। বিদেশের মাটিতে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে শেষবার কোনও প্রতিপক্ষ ৫০০+ রান করেছিল ২০১৫ সালে। সিডনি টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে সাত উইকেটে ৫৭২ রান করেছিল। এর পরে, ইংল্যান্ডই একমাত্র দল যারা ভারতের বিরুদ্ধে তিনটি ৫০০+ রান করেছে। তবে, এই টেস্ট ম্যাচের আগে, শেষ দু’টি ৫০০+ রান তারা করেছিল ভারতের মাটিতে। ইংল্যান্ড ২০১৬ সালে রাজকোট টেস্টে ৫৩৭ এবং ২০২১ সালে চেন্নাই টেস্টে ৫৭৮ রান করেছিল।
২০১২ সালে নাগপুরে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া জো রুট টিম ইন্ডিয়ার বিপক্ষে তাঁর ১২তম সেঞ্চুরি করে আরেকটি রেকর্ড গড়েছেন। তিনি অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের ভারতের বিপক্ষে ১১টি টেস্ট সেঞ্চুরির রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছেন। এটি রুটের টেস্ট কেরিয়ারের ৩৮তম সেঞ্চুরি। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে সেঞ্চুরির তালিকায় তিনি শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তি কুমার সাঙ্গাকারার সঙ্গে চতুর্থ স্থানে উঠে এসেছেন। এই তালিকায় তাঁর আগে রয়েছেন তেন্ডুলকার (৫১), জ্যাক ক্যালিস (৪৫) এবং পন্টিং (৪১)।
এদিকে, অবাক করার বিষয় হল, ইংল্যান্ডের আট নম্বর থেকে ১১ নম্বর ব্যাটারের প্রথম শ্রেণির রান ভারতের শীর্ষ চার ব্যাটারের চেয়ে বেশি। এদের মধ্যে রয়েছেন ডসন, ওকস, ব্রাইডন কার্স এবং জোফ্রা আর্চার। ডসন একাই প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজারেরও বেশি রান করেছেন।