মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, সেখানে ক্রিকেট খেলতেও দেখা যেতে পারে মেসিকে।

লিওনেল মেসি, বিরাট কোহলি ও এমএস ধোনি
শেষ আপডেট: 1 August 2025 15:52
দ্য ওয়াল ব্যুরো: ফুটবলের যুবরাজ লিওনেল মেসির (Lionel Messi) অসংখ্য ভক্ত রয়েছেন ভারতে। যাঁরা মেসির দুঃখে কাঁদেন, তাঁর সুখে সুখী হন। এই মহাতারকার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর গোটা ভারত উৎসবে মেতেছিল। সেই এলএম টেন ফের একবার আসছেন ভারতে (India Tour)।
চলতি বছরের ডিসেম্বরে ভারত সফরে আসার কথা রয়েছে লিও মেসির। এবারের সফরে মেসি একটি বিশেষ ক্ষেত্রে চমক দিতে পারেন। জানা গিয়েছে, তিনি যেমন এবার ফুটবল খেলবেন, তেমনই বাইশ গজেও নামবেন। এখন পর্যন্ত যা পরিকল্পনা, সেই অনুযায়ী মেসি মুম্বইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেটও (Cricket) খেলবেন ভারতীয় কিংবদন্তিদের সঙ্গে। সেই তালিকায় রয়েছেন- বিরাট কোহলি (Virat Kohli) এবং এমএস ধোনি (MS Dhoni)। আয়োজকরা ১৪ ডিসেম্বর এই আইকনিক ভেন্যুতে সেভেন-এ-সাইড ক্রিকেট ম্যাচের পরিকল্পনা করছেন মেসিকে রেখেই।
দীর্ঘ ১৪ বছর পর মেসি ভারতে আসছেন। তিনি ১৩ থেকে ১৫ ডিসেম্বর ভারতে থাকবেন এবং মোট তিনটি শহর পরিদর্শন করবেন। জানা গিয়েছে, মেসি ১৩ থেকে ১৫ ডিসেম্বর কলকাতা, দিল্লি এবং মুম্বই সফর করবেন। তিনি ১৪ ডিসেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, সেখানে ক্রিকেট খেলতেও দেখা যেতে পারে আর্জেন্টাইন সুপারস্টারকে।
জানা গিয়েছে, এবারের সফরে মেসি কলকাতাতেও পা রাখবেন। ইডেন গার্ডেন্সে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। মেসি কলকাতায় শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালার আয়োজন করার পাশাপাশি একটি ফুটবল ক্লিনিকও চালু করবেন বলে জানা গিয়েছে।
এর আগে চলতি বছরের ৬ জুন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান জানিয়েছিলেন, লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ফুটবল দল অক্টোবর বা নভেম্বরে একটি প্রীতি ম্যাচ খেলতে কেরলে আসবে। এই ম্যাচটি তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে অবশ্য জানা যায়, সেই ম্যাচটি স্থগিত করা হয়েছে।
এর আগে মেসি ২০১১ সালে ভারতে এসেছিলেন। মেসি-সহ আর্জেন্টিনা দল সেবার ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভারতে এসেছিল। আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলা ম্যাচটি ২ সেপ্টেম্বর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। মেসির অ্যাসিস্টে নিকোলাস ওটামেন্ডির গোলে ম্যাচটি জিতেছিল আর্জেন্টিনা।
এদিকে, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA) সূত্রে জানা গিয়েছে, ওয়াংখেড়েতে অনুষ্ঠিত ম্যাচে রোহিত শর্মা এবং শচীন তেন্ডুলকরের মতো খেলোয়াড়দেরও নামানোর চেষ্টা করা হচ্ছে। এমসিএ-র একটি সূত্র জানিয়েছে, "মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকবেন। তিনি প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের সঙ্গে একটি ক্রিকেট ম্যাচও খেলতে পারেন। সবকিছু চূড়ান্ত হওয়ার পরে আয়োজকরা একটি সম্পূর্ণ সময়সূচী নিয়ে আসবে।"