হায়দরাবাদের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও (Revant Reddy) উপস্থিত ছিলেন। তিনি প্রদর্শনী ম্যাচে অংশ নেন এবং মেসির সঙ্গে কয়েকটি পাসও দেওয়া-নেওয়া করেন। এছাড়া কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও (Rahul Gandhi) উপস্থিত ছিলেন।
.jpg.webp)
হায়দরাবাদে মেসি
শেষ আপডেট: 14 December 2025 00:29
দ্য ওয়াল ব্যুরো: শনিবারের রাতটা হায়দরাবাদে ফুটবলপ্রেমীদের জন্য স্মরণীয় হয়ে থাকল। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি 'গোট ট্যুর'-এ হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যান (Messi in Hyderabad)। কয়েকঘণ্টা আগেই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuva Bharati Krirangan) যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার তুলনায় হায়দরাবাদের অনুষ্ঠান সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ছিল। মেসিকে দেখে ভক্তরা উচ্ছ্বাসে মেতে ওঠেন, তাঁর আসার আগে থেকেই কড়া নিরাপত্তা বজায় রাখা হয়েছিল, তাই কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি বলেই দাবি প্রশাসনের।
স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা শুধু মেসিকে দেখেননি, বরং তারকা নিজেও মাঠে নেমে ফুটবল খেলেন। কয়েকটি বল দর্শকদের দিকে ছুঁড়ে দেন, যা ভক্তদের আনন্দ দ্বিগুণ করে দেয়। অনুষ্ঠানে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও (Revant Reddy) উপস্থিত ছিলেন। তিনি প্রদর্শনী ম্যাচে অংশ নেন এবং মেসির সঙ্গে কয়েকটি পাসও দেওয়া-নেওয়া করেন। এছাড়া কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও (Rahul Gandhi) উপস্থিত ছিলেন। মেসির সঙ্গে দেখা-কথা হওয়ার পাশাপাশি সাংসদকে একটি জার্সি উপহার দেন এলএম১০ (LM10)।
ভক্তদের উচ্ছ্বাসে মুগ্ধ হয়ে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি (Messi)। “আপনাদের ভালবাসার জন্য অনেক ধন্যবাদ। আমাদের জন্য এটি সম্মানের বিষয় যে আমরা এখানে আপনাদের সঙ্গে সময় কাটাতে পারছি। সত্যিই আমি কৃতজ্ঞ,” বলেন তিনি। তাঁর সতীর্থ রদ্রিগো দে পলও বলেন, "আমার খুব ভাল লেগেছে। এটি একটি বিশেষ রাত। আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।” লুইস সুয়ারেজ বলেন, “সকলকে শুভ সন্ধ্যা। আমাদের ভালবাসার জন্য ধন্যবাদ। সবাইকে আমার তরফ থেকে বড় একটা আলিঙ্গন!”
রবিবার (১৪ ডিসেম্বর) মুম্বই সফরের (Messi Mumbai Tour) জন্য পুলিশ ওয়াংখেড়েতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে। স্টেডিয়ামে দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্যান্ডের ভিতরে জলের বোতল, ধাতব সামগ্রী এবং কয়েন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ স্ট্যান্ডের চারপাশে পর্যবেক্ষণ টাওয়ার বসিয়েছে যাতে ভিড় নিয়ন্ত্রণে রাখা যায় এবং কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের মতো বিশৃঙ্খলা ও ভিড় নিয়ন্ত্রণের সমস্যা এড়ানো যায়।
কলকাতার ঘটনায় ভক্তরা প্রিয় তারকাকে দেখতে না পেয়ে অসন্তুষ্ট হয়ে বিক্ষোভ করেছিলেন। হায়দরাবাদে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফুটবলপ্রেমীরা শান্তিপূর্ণভাবে মেসির সঙ্গে সময় কাটাতে পারার পাশাপাশি নিরাপত্তাও নিশ্চিত হবে, এটাই ছিল মূল লক্ষ্য। হায়দরাবাদে মেসির (Messi in Hyderabad) উপস্থিতি যেন ভক্তদের জন্য আনন্দময় স্মৃতি হয়ে থাকে, সেই ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এদিনের অনুষ্ঠান শেষ হওয়ার পর ফুটপ্রেমীদের অনেকেই বলছেন, 'কলকাতা ব্যর্থ হলেও হায়দরাবাদ দেখাল কীভাবে তারকাদের নিরাপত্তা দিতে হয়।"