কলকাতা প্রিমিয়র ডিভিশন লিগ ২০২৫-এর শুরুতেই হোঁচট খেলো মোহনবাগান। অভিযান শুরুতেই তারা পুলিশে এসির কাছে হেরে গেল ০-১ গোলে।

শেষ আপডেট: 30 June 2025 18:14
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা প্রিমিয়র ডিভিশন লিগ ২০২৫-এর (Kolkata premier division league) শুরুতেই হোঁচট খেলো মোহনবাগান। অভিযান শুরুতেই তারা পুলিশে এসির কাছে হেরে গেল ০-১ গোলে (Mohunbagan vs Police AC)।
গত বছর প্রিমিয়ার লিগের সুপার সিক্স-এ ওঠা হয়নি গোষ্ঠ পাল সরণির ক্লাবের। পুলিশ এসির কাছে সেবারও তারা হেরে গিয়েছিল ২-৩ গোলে। এবারও পুলিশের বাধা টপকাতে পারল না মেরিনার্স।
ডেগি কার্ডোজার ছাত্ররা পুরো ম্যাচ জুড়ে আধিপত্য বিস্তার করলেও গোল করার অভাবে হাসিমুখে মাঠ ছাড়তে পারল না।
প্রতিবেশী ক্লাব ইস্টবেঙ্গল এবার তাদের প্রিমিয়ার লিগ অভিযান শুরু করেছে মেসারার্স ক্লাবকে গোলের মালা পরিয়ে। বাগান কোচ কার্ডোজা প্রথম ম্যাচের আগে বলেছিলেন, তাঁর দল এবার লিগ জিততে প্রস্তুত। কিন্তু বাস্তবে দেখা গেল দলে অনেক ফাঁকফোকর রয়ে গিয়েছে। সব থেকে বড় কথা এই দলে গোল করার মতো ফুটবলারের অভাব রয়েছে।
মোহনবাগান কলকাতা লিগকে দেখছে সিনিয়র দলের প্লেয়ার তুলে আনার জন্য। তাই গতবারের টাইসন সিংদের মতো ফুটবলারদের ছেড়ে দেওয়া হয়েছে। দলে রাখা হয়নি সোহেল ভাট দীপেন্দু বিশ্বাস এর মত ফুটবলারদেরও।
এদিন বেশ কিছু সুযোগ পেয়েছিলেন বাগানের সালাউদ্দিন, পাসাং তামাংরা। কিন্তু তেকাঠিতে বল রাখতে পারেননি। উল্টে খেলার গতির বিরুদ্ধে পেনাল্টি বক্সের বাইরে ফ্রি কিক পায় পুলিশ। ফ্রি কিক থেকে বল জালে জড়িয়ে দেন শেখ সাহিল। এরপর গোলশোধের জন্য মোহনবাগান মরিয়া হয়ে উঠলেও কাজের কাজ হয়নি। ৩ পয়েন্ট হাতছাড়া করেই মাঠ ছাড়তে হয়েছে গঙ্গা পাড়ায় ক্লাবকে।