আইপিএল ২০২৬ মিনি-নিলামের আগে বড় পরিবর্তন কেকেআরে। আন্দ্রে রাসেলের পর ভেঙ্কটেশ আইয়ারকেও রিলিজ করল দল।

ভেঙ্কটেশ আইয়ার
শেষ আপডেট: 15 November 2025 18:00
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের মিনি-নিলামের আগে অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। এর মধ্য দিয়ে আইপিএলে ভেঙ্কটেশের চার বছরের যাত্রাপথের সমাপ্তি ঘটল।
২০২১ সালে ভেঙ্কটেশ মাত্র ২০ লাখ টাকা বেস প্রাইসে দলে যোগ দেন। এরপর তাঁর আইপিএল মূল্য লাফিয়ে বেড়ে ২০২৫ সালের মেগা নিলামে দাঁড়ায় ২৩.৭৫ কোটি টাকা। তা নিয়ে সমালোচনারও হয়েছিল চারিদিকে। তারপরে গত মরসুমে মাঠে নিয়ে তিনি ১১ ম্যাচে মাত্র ১৪২ রান করেন, যা দলের মিডল অর্ডারকে দুর্বল করে দেয়।
মনে করা হচ্ছে, কলকাতা নাইট রাইডার্স (KKR) সম্প্রতি ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেওয়ার যে কঠিন সিদ্ধান্ত নিয়েছে, এর পেছনে রয়েছে তাঁর আকাশছোঁয়া দাম এবং প্রত্যাশিত পারফর্ম্যান্স দিতে না পারা। যদিও ভেঙ্কটেশ একসময় দলের ম্যাচ উইনার ছিলেন, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তাঁর ফর্ম দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
এর আগে কেকেআর দলের অন্যতম তারকা আন্দ্রে রাসেলকেও (Andre Russell) ছেড়ে দিয়েছে। এই দুই বড় তারকাকে ছেড়ে দেওয়ায় সমর্থকরা যেমন হতাশ, তেমনই দলের ভবিষ্যতের জন্য ম্যানেজমেন্টের পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠছে।
কেন এত বড় সিদ্ধান্ত?
ভেঙ্কটেশ আইয়ারের ফর্মের পতন এবং আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের প্রভাব কমে যাওয়ায় কেকেআর ফ্র্যাঞ্চাইজি দল গঠনে নতুন করে ভাবছে। তবে এই সিদ্ধান্তের ফলে নতুন প্রধান কোচ অভিষেক নায়ারের ওপর চাপ বাড়ল। তাঁকে প্রমাণ করতে হবে যে এই 'রিসেট' বা দল পুনর্গঠন কেবল অর্থের জন্য করা হয়নি, বরং এটি ভবিষ্যতের জন্য একটি কার্যকর কৌশল।