পুরস্কার নেওয়ার সময় মঞ্চে তাঁর হাতে ছিল ভারতের পতাকা। জাতীয় সঙ্গীত বাজতেই গর্বে, আবেগে চোখ ভিজে গিয়েছিল এই তরুণ খেলোয়াড়ের।

ভারোত্তোলক জগদীপ শর্মা
শেষ আপডেট: 21 August 2025 19:09
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: কাঠমান্ডুর (Kathmandu) মাটিতে সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করলেন শিলিগুড়ির (Siliguri) ভক্তিনগর ৩৫ নম্বর ওয়ার্ডের প্রতিভাবান ভারোত্তোলক জগদীপ শর্মা। ১৫ থেকে ১৭ অগস্ট নেপালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ওয়েটলিফটিং (Weight Lifting) চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি বিভাগে সেরা পারফরম্যান্স দেখিয়ে সোনার পদক (Gold Winner) জিতে নেন তিনি।

পুরস্কার নেওয়ার সময় মঞ্চে তাঁর হাতে ছিল ভারতের পতাকা। জাতীয় সঙ্গীত বাজতেই গর্বে, আবেগে চোখ ভিজে গিয়েছিল এই তরুণ খেলোয়াড়ের।
শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতাই নয়, এর আগে জাতীয় ও রাজ্যস্তরের একাধিক মঞ্চেও সাফল্য কুড়িয়েছেন জগদীপ। তাঁর এই লড়াইয়ের সঙ্গী হয়ে থেকেছে শিলিগুড়ির ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন।

কিন্তু এই সোনার পথে কম কাঁটা পাতা ছিল না। কোনও স্থায়ী চাকরি না থাকায় আর্থিক সমস্যাই বড় বাধা হয়ে দাঁড়ায় জগদীপের। প্রতিযোগিতায় অংশগ্রহণের খরচ মেটাতে শুভানুধ্যায়ীদের সাহায্যের উপর নির্ভর করতে হয় তাঁকে। তবুও একাগ্রতা আর পরিশ্রমে তিনি প্রমাণ করেছেন, ইচ্ছা থাকলে অসম্ভব বলে কিছু নেই।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “আমি শুধু নিজের জন্য নয়, গোটা ভারতের সম্মানের জন্য লড়েছি। সামনে আরও বড় মঞ্চে দেশের পতাকা ওড়াতে চাই। তবে তার জন্য প্রয়োজন সকলের সহযোগিতা ও সমর্থন।”