টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে ৯৩ রানে জয় পেল ভারত।

ফাইল চিত্র
শেষ আপডেট: 12 February 2026 23:22
দ্য ওয়াল ব্যুরো: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের ধারা অব্যাহত। নামিবিয়ার বিরুদ্ধে একতরফা লড়াইয়ে ৯৩ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ভারতীয় ব্যাটারদের। ঝোড়ো ইনিংস খেলেন ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া। মাত্র ২৪ বলে ৬১ রান করে ইনিংসের ভিত গড়ে দেন ঈশান। অন্যদিকে ২৮ বলে ৫২ রানের কার্যকরী ইনিংস খেলেন হার্দিক। তাঁদের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে ভারত।
২১১ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় নামিবিয়া। বল হাতে ভারতকে এগিয়ে দেন তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। অসাধারণ বোলিং করে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। হার্দিক পান্ডিয়াও বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, তাঁর ঝুলিতে যায় ২ উইকেট। শেষ পর্যন্ত ১১৬ রানে গুটিয়ে যায় নামিবিয়ার ইনিংস।
২১০ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন্দ করেননি নামিবিয়ার দুই ওপেনার লোরেন স্টিনক্যাম্প ও জান ফ্রাইলিঙ্ক। তবে সেই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। অর্শদীপ সিং প্রথম ধাক্কা দেন, ২২ রানে ফেরান ফ্রাইলিঙ্ককে। এরপর নিজের প্রথম ওভারেই ২৯ রানে স্টিনক্যাম্পকে আউট করে নামিবিয়ার ইনিংসে চাপে ফেলেন বরুণ চক্রবর্তী।
বরুণের দ্বিতীয় ওভারেই ম্যাচ কার্যত ভারতের নিয়ন্ত্রণে চলে আসে। দু’ বলের ব্যবধানে তিনি ফেরান নিকোল লফটি-ইটন (১৩) ও জেজে স্মিটকে (০)। অধিনায়ক জর্জ ইরাসমাস ১৮ রান করে অক্ষর প্যাটেলের শিকার হন।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি নামিবিয়া। একের পর এক উইকেট পড়ে যেতে থাকে। চার ব্যাটার আউট হন এক অঙ্কের রানে। ১৮তম ওভারে হার্দিক পান্ডিয়া পরপর দু’ বলে দুই উইকেট নিয়ে শেষ ধাক্কা দেন। অক্ষর প্যাটেলও নেন দুটি উইকেট। একটি করে সাফল্য পান অর্শদীপ সিং, জশপ্রীত বুমরা ও শিবম দুবে।
শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় নামিবিয়া।
৯৩ রানের এই জয়ের মাধ্যমে নতুন নজির গড়ে ভারতীয় দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটিই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে ২০১২ সালে ইংল্যান্ডকে ৯০ রানে হারিয়েছিল ভারত। সেই রেকর্ড ভেঙে দিল হার্দিক-বরুণদের টিম ইন্ডিয়া।