২০১৩ আইপিএল গড়াপেটা মামলায় নতুন মোড়। সিডির বয়ান আদালতে উপস্থাপনের খরচ হিসেবে ধোনিকে ১০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের।

মহেন্দ্র সিং ধোনি
শেষ আপডেট: 12 February 2026 23:27
দ্য ওয়াল ব্যুরো: ২০১৩ সালের (IPL 2013) আইপিএল মরসুমে ম্যাচ গড়াপেটার অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেটে। সেই সময় তদন্তের দায়িত্বে ছিলেন আইপিএস অফিসার জি সম্পথ কুমার। তাঁর প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতেই চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে নির্বাসনের মুখে পড়তে হয় (IPL Fixing Case)। পরে সম্পথ কুমারই অভিযোগ করেন, সুপ্রিম কোর্টে তিনি যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছিলেন, তা সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়নি। তাঁর দাবি ছিল, পুরো রিপোর্ট প্রকাশ পেলে ২০১৩ সালের ম্যাচ গড়াপেটা কাণ্ডে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নামও সামনে আসত।
এই মন্তব্যের জেরেই আইনি লড়াই শুরু করেন ধোনি। ২০১৪ সালে তিনি মামলা দায়ের করে অভিযোগ তোলেন, সম্পথের বক্তব্য থেকে এই ইঙ্গিত মিলছে যে সুপ্রিম কোর্ট ইচ্ছাকৃতভাবে তদন্ত রিপোর্টের একটি অংশ প্রকাশ্যে আনেনি— যা আদালত অবমাননার শামিল। একই সঙ্গে ধোনি আবেদন করেন, ম্যাচ গড়াপেটা সংক্রান্ত বিষয়ে তাঁর বিরুদ্ধে কোনও মন্তব্য করা থেকে সম্পথকে বিরত রাখা হোক। মানহানির অভিযোগে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণও দাবি করেন তিনি।
পরবর্তী সময়ে সম্পথ কুমার দোষী সাব্যস্ত হলেও তাঁর সাজা স্থগিত রাখে সুপ্রিম কোর্ট।
এই মামলারই সাম্প্রতিক অগ্রগতিতে মাদ্রাজ হাই কোর্ট ধোনিকে ১০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে এটি কোনও জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নয়। ২০১৩ সালের মামলায় প্রমাণ হিসেবে জমা দেওয়া একাধিক সিডির বয়ান আদালতে ব্যবহারযোগ্য আকারে উপস্থাপনের জন্য দোভাষী ও টাইপিস্ট নিয়োগ করতে হবে। সেই ব্যয়ভার ধোনিকেই বহন করতে হবে বলে জানিয়েছে আদালত।
এদিকে, নতুন আইপিএল মরসুমের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছেন ধোনি। কিন্তু টুর্নামেন্টে নামার আগে এই আর্থিক দায় তাঁর জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করল বলেই মনে করা হচ্ছে।