এক সূত্র জানায়, “চন্দ্রগ্রহণ চলাকালীন ভাল কাজ শুরু না করাই ভাল, এমন বিশ্বাস থেকেই সিদ্ধান্ত। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামার আগে দল ইতিবাচক সূচনা চাইছিল। তাই ঠিক হয়, গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত অনুশীলন শুরু হবে না।” উপরমহলও তাতে সম্মতি দেয়।

শেষ আপডেট: 3 March 2026 22:13
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে অনুশীলনের সময়সূচি বদলে দিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। চন্দ্রগ্রহণের (Lunar Eclipse March 3) সঙ্গে সময় মিলে যাওয়ায় মঙ্গলবার (৩ মার্চ) মুম্বইয়ে নির্ধারিত প্র্যাকটিস সেশন এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় বলে খবর (India postponed practice due to lunar eclipse)।
The Indian Express–এর প্রতিবেদনে দাবি, দল চেয়েছিল ‘চন্দ্রগ্রহণ’কে অশুভ মনে করার প্রচলিত বিশ্বাস মেনে চলতে। ‘চন্দ্রগ্রহণ’-এর সময় শুভ কাজ এড়িয়ে চলাই শ্রেয় - এমন ধারণাই নাকি সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
ভারতের অনুশীলন হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। গ্রহণ শুরু হয় দুপুর ৩:২০-এ এবং শেষ হয় সন্ধ্যা ৬:৪৭ মিনিটে (IST)।
সংবাদমাধ্যমটির উদ্ধৃত এক সূত্র জানায়, “চন্দ্রগ্রহণ চলাকালীন ভাল কাজ শুরু না করাই ভাল, এমন বিশ্বাস থেকেই সিদ্ধান্ত। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল (T20 Semi Final) খেলতে নামার আগে দল ইতিবাচক সূচনা চাইছিল। তাই ঠিক হয়, গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত অনুশীলন শুরু হবে না।” উপরমহলও তাতে সম্মতি দেয়।
ভারতে চন্দ্রগ্রহণকে ঘিরে নানা বিশ্বাস রয়েছে। বৈদিক কাহিনি অনুযায়ী অসুর ‘রাহু’ প্রতিশোধ নিতে সাময়িকভাবে চাঁদকে ‘গ্রাস’ করে, যা অন্ধকারের আলোকে ঢেকে দেওয়ার প্রতীক। তাই বহু জায়গায় গ্রহণের সময় মন্দির বন্ধ রাখা, উপবাস পালন কিংবা গর্ভবতী নারীদের বিশেষ সতর্কতা অবলম্বনের প্রথা দেখা যায়।
বড় ম্যাচের আগে ভারতের চ্যালেঞ্জ
সেমিফাইনালে জায়গা পাওয়ার যোগ্যতা ভারত দেখিয়েছে রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ে। তবে গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নামিবিয়া ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচগুলোয় ব্যাটিং অর্ডারের দুর্বলতা স্পষ্ট হয়েছে।
সুপার এইটসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় হারের পর দলে পরিবর্তন আনা হয়। সঞ্জু স্যামসনের প্রত্যাবর্তন ভারসাম্য ফিরিয়েছে। জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ে বড় ভূমিকা নেন কেরলের এই তারকা - শেষ ম্যাচে অপরাজিত ৯৭ রান করেন তিনি।
তবে এখনও উদ্বেগ রয়ে গেছে অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে। সাম্প্রতিক সময়ে হার্দিক পান্ডিয়ার ধারাবাহিক অবদানও প্রশ্নের মুখে। অন্যদিকে ইংল্যান্ড টানা পাঁচ ম্যাচ জিতে আত্মবিশ্বাসে টগবগ করছে। ফলে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা বলাই বাহুল্য।