গম্ভীরের স্বপ্নপূরণ অবশ্যই। প্রিয় ক্লাব, স্বপ্নের স্টেডিয়াম ঘুরে দেখলেন৷ কিন্তু শত আনন্দেও একফোঁটা কষ্ট মিশে রইল বৈকী।

শেষ আপডেট: 20 July 2025 21:02
দ্য ওয়াল ব্যুরো: তিনি আশৈশব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) ভক্ত। ভক্তির মাত্রা এতটাই যে, একসময় একটি ভিডিও কল সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মার্কোস র্যাশফোর্ড (Marcus Rashford) মেসি (Lionel Messi) ও রোনাল্ডোর (Cristiano Ronaldo) চাইতেও ধারেভারে এগিয়ে!
সেই গৌতম গম্ভীর (Gautam Gambhir) যখন ম্যাঞ্চেস্টারে, তখন ওল্ড ট্র্যাফোর্ড (Old Trafford) যাবেন না, তা কী করে হয়! চতুর্থ টেস্ট শুরু হতে দিনকয়েক বাকি৷ টিমও যথেষ্ট ডামাডোলে। তবু সময় বের করে রেড ডেভিলদের আস্তায় ঢুঁ মারলেন গৌতম৷ সদলবলে। অধিনায়ক শুভমান থেকে ঋষভ পন্থ। সবাই কোচের পিছু পিছু ইউনাইটেডের ডেরায়।
গম্ভীরের স্বপ্নপূরণ অবশ্যই। প্রিয় ক্লাব, স্বপ্নের স্টেডিয়াম ঘুরে দেখলেন৷ কিন্তু শত আনন্দেও একফোঁটা কষ্ট মিশে রইল বৈকী। পছন্দের র্যাশফোর্ডের সঙ্গে দেখা হল না যে! গতকালই লোনে ইউনাইটেডের স্ট্রাইকারকে সই করিয়েছে বার্সেলোনা।
তবু যা কিছু ঘটল, তা-ই বা কম কী! ইউনাইটেডের তারকাদের সঙ্গে দেখাসাক্ষাৎ, খেলাধুলো, ফটোসেশন—সবকিছু সমাজমাধ্যমে ঝটপট ভাইরাল! অ্যাডিডাসের তরফে ইনস্টাগ্রামে যে ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, শুভমান গিল এবং ঋষভ পন্থ লাল জার্সি গায়ে ফুটবল খেলছেন ইউনাইটেড ফুটবলারদের সঙ্গে। মহম্মদ সিরাজ বল করছেন প্রাক্তন ম্যান ইউ অধিনায়ক হ্যারি ম্যাগুয়েরকে। এমনকী, জসপ্রীত বুমরাহও মেসন মাউন্টের সঙ্গে আড্ডায় মেতে! যদিও সবার নজরে একজন—গৌতম গম্ভীর। তাঁকে দেখা গেল ম্যান ইউ ম্যানেজার রুবেন আমোরিমের সঙ্গে হাসিমুখে ছবি তুলতে।
ম্যান ইউ তারকারা বর্তমানে প্রি-সিজন ট্রেনিংয়ে ব্যস্ত। তারই মধ্যে ভারতীয় ক্রিকেটারদের এই সৌহার্দ্য-সফর রীতিমতো ব্রিটিশ মিডিয়ার হট টপিক! ব্রুনো ফার্নান্ডেজ, আমাদ ডিয়ালো, ম্যাগুয়ের, মেসন মাউন্টের মতো তারকাদের সঙ্গে গিল, সিরাজ, বুমরা, পন্থদের ছবি ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।
টেস্ট সিরিজে ভারতের বর্তমান অবস্থা বেশ চ্যালেঞ্জিং। ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ জুলাই, ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ড ময়দানে। সেই টেস্টে জসপ্রীত বুমরাহ এবং ঋষভ পন্থ অনিশ্চিত। ফলে প্রথম একাদশ ঘিরে কিছুটা দুশ্চিন্তা থাকলেও, এই ‘ব্রেক টাইম’ ভারতীয় শিবিরকে খানিকটা স্বস্তি এনে দেবে।
অনুরাগীদের একটাই প্রার্থনা: হ্যান্ডশেক বন্ধুত্ব বিনিময়েই আটকে থাকুক। ম্যান ইউনাইটেডের গত মরশুমের হতশ্রী ফর্ম যেন শুভমানদের মধ্যে ভুল করেও ‘হস্তান্তরিত’ না হয়ে যায়!