ভারতীয় দাবাড়ুর অবশ্য যোগ্যতাপ্রমাণের দরকার নেই। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে তাঁর জায়গা নিশ্চিত। তবু তিনি নেমেছেন গ্র্যান্ড সুইস খেলতে। কেন?

গুকেশ ও আব্দুসাত্তোরভ
শেষ আপডেট: 4 September 2025 12:19
দ্য ওয়াল ব্যুরো: দাবার বোর্ডের চালে নয়, জমে উঠল কথার লড়াইও। উজবেকিস্তানের তরুণ গ্র্যান্ডমাস্টার নোদিরবেক আব্দুসাত্তোরভ (Nodirbek Abdusattorov) সরাসরি কটাক্ষ ছুড়লেন বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশকে (D Gukesh)। ফিডে (FIDE)-র একটি হালকা আড্ডা পর্বে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল ‘এই মুহূর্তে একটি অপ্রিয় মতামত কী হতে পারে?’ এক সেকেন্ড দেরি না করে নোদিরবেকের জবাব—‘গুকেশ পরের ম্যাচেই শিরোপা হারাবে। এটা কি যথেষ্ট বিতর্কিত?’
কথাটা নিছক মশকরা না মনস্তাত্ত্বিক খেলা—সে নিয়ে দাবা মহলে চর্চা চলতে পারে। কারণ সামনেই শুরু হতে চলেছে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা—ফিডে গ্র্যান্ড সুইস (FIDE Grand Swiss 2025)। এখান থেকে প্রথম দুই জন সরাসরি ক্যান্ডিডেটস ছাব্বিশের ক্যান্ডিডেটসে (Candidates 2026) জায়গা করে নেবেন। আর সেখানে জয়ী দাবাড়ু খেলবেন বিশ্বচ্যাম্পিয়নশিপে। প্রতিপক্ষ গুকেশ।
ভারতীয় দাবাড়ুর অবশ্য যোগ্যতাপ্রমাণের দরকার নেই। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে তাঁর জায়গা নিশ্চিত। তবু তিনি নেমেছেন গ্র্যান্ড সুইস খেলতে। কেন? গুকেশের ভাষায়, ‘এ রকম তীব্র কঠিন ওপেন টুর্নামেন্ট বেশি হয় না। এটাই আলাদা ফরম্যাটে নিজেকে প্রমাণ করার সুযোগ!’
স্বাভাবিকভাবেই প্রশ্নের সূত্রে উঠে আসে আব্দুসাত্তোরভের মন্তব্য। জবাবে গুকেশও গুটিয়ে থাকতে নারাজ। সামারকন্দে (Samarkand) প্রি-টুর্নামেন্ট সাংবাদিক বৈঠকে প্রতিদ্বন্দ্বীর উদ্দেশে ছুড়ে দেন কটাক্ষ। মনে করান বাস্তব। চিমটি কাটার ঢঙে গুকেশ বলেন, ‘আসলে আব্দু্সাত্তোরভ খুব ভাল খেলোয়াড়, ওর ক্ষমতা আছে। তবে এই টুর্নামেন্ট থেকে ও কেবল ক্যান্ডিডেটসে উঠতে পারবে। বিশ্বচ্যাম্পিয়ন হতে এখনও এক ধাপ বাকি!’ পরিশীলিত কিন্তু ধারালো জবাব… যেন দাবার বোর্ডে গুকেশের ট্রেডমার্ক মুভের মতোই জটিল।
এরপর তিনি আরও জুড়ে দেন, ‘যোগ্য খেলোয়াড় যে-ই হোক, তার সামর্থ্য নিয়ে সন্দেহ নেই। কাউকে সমর্থন করি না, আমি আমার খেলা নিয়েই ব্যস্ত!’
প্রসঙ্গত, টুর্নামেন্টে রয়েছেন ভারতের আর প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa), অর্জুন এরিগাইসি (Arjun Erigaisi), দিব্যা দেশমুখ (Divya Deshmukh)। ইতিমধ্যেই ফাবিয়ানো কারুয়ানা (Fabiano Caruana) জায়গা করে নিয়েছেন ক্যান্ডিডেটসে। প্রজ্ঞানন্দও সার্কিট রেটিংয়ে কার্যত নিশ্চিত। এই আবহে আব্দুসাত্তোরভের কটাক্ষ–জবাবের নাটকীয়তা একদিকে যেমন উত্তেজনা ছড়াচ্ছে, অন্যদিকে মেলে ধরছে দাবার ভবিষ্যৎ দ্বন্দ্বের ইঙ্গিত।