শীর্ষ দুই দাবাড়ু ছাব্বিশের ক্যান্ডিডেটস টুর্নামেন্টে নামার যোগ্যতা অর্জন করবেন। সেখানেই থেকে ঠিক হবে বিশ্বচ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার।

ডি. গুকেশ
শেষ আপডেট: 6 September 2025 12:35
দ্য ওয়াল ব্যুরো: সমরকন্দে (Samarkand) ফিডে গ্র্যান্ড সুইসের মঞ্চে শুক্রবার ধরা পড়ল একেবারে ভিন্ন মেজাজের ছবি। একদিকে বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ (D Gukesh) জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েও হোঁচট খেলেন ১৪ বছরের তুর্কি বিস্ময়-প্রতিভা ইয়াগিজ খান এরদোগমুশের (Yagiz Khan Erdogmus) কাছে। অন্যদিকে আর বৈশালী (R Vaishali) টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে মেয়েদের বিভাগে শীর্ষস্থান পাকা করেছেন।
প্রথম দিনে ফরাসি গ্র্যান্ডমাস্টার এতিয়েন বাকরোকে (Etienne Bacrot) উড়িয়ে শুরুটা মন্দ করেননি গুকেশ। দ্বিতীয় রাউন্ডেও বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে ছিলেন। কিন্তু ৪০তম চালে বিশপ অদলবদল করে বসেন। আর সেখানেই পাল্টে যায় ছবি। শেষপর্যন্ত সময়ের টানাটানির মধ্যে জেতা ম্যাচ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় বছর উনিশের বিশ্বচ্যাম্পিয়নকে।
শীর্ষ বাছাই রমেশবাবু প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa) দ্বিতীয় রাউন্ডে পেলেন টুর্নামেন্টের প্রথম জয়। ইভান জেমলিয়ানস্কিকে (Ivan Zemlyanskii) হারালেন সাদা ঘুঁটি নিয়ে। প্রতিপক্ষের ৩০তম চালে ভয়ানক রুক-ব্লান্ডার (Rc7)। মাত্র ৩৩ চালে কাজ শেষ করেন প্রজ্ঞা। ক্যান্ডিডেটস টুর্নামেন্টে যোগ্যতা নিশ্চিত করতে মরিয়া ভারতীয় তারকার জন্য এই জয় বড় স্বস্তি।
অন্যদিকে অর্জুন এরিগাইসি (Arjun Erigaisi) প্রথম রাউন্ডে ড্র করার পর ফিরে এলেন জয়ের সরণিতে। আর্মেনিয়ার হাইক মার্তিরোসিয়ানের (Haik Martirosyan) বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াই। শেষমেশ টানা আক্রমণে ৫৪ চালে আত্মসমর্পণে বাধ্য করলেন প্রতিপক্ষকে।
অন্যদিকে নিহাল সারিন (Nihal Sarin) কালো ঘুঁটি নিয়ে প্রায় নিখুঁত। আর্মেনিয়ার আরাম হাকোবিয়ানের (Aram Hakobyan) বিরুদ্ধে সফটওয়্যার স্টকফিশের হিসাবে ৯৬.৪ শতাংশ নির্ভুল চাল! দুরন্ত রণকৌশলে জয় ছিনিয়ে নেন নিহাল।
মেয়েদের বিভাগে আর বৈশালী অপ্রতিরোধ্য! প্রথম দিনের জয়ের পর দ্বিতীয় রাউন্ডেও নেদারল্যান্ডসের ইলিন রোবার্সকে (Eline Roebers) হারালেন অনায়াসে। দুই ম্যাচ শেষে সমানে পাল্লা দিচ্ছেন অস্ট্রিয়ার ওলগা বেদেলকা (Olga Bedelka)। রেটিং আর আগের সাফল্য দেখে অনেকে বলছেন—এগিয়ে যাওয়ার জন্য বৈশালীর হাতেই এখন সব অস্ত্র মজুত।
প্রায় ৮ লক্ষ ৫৫ হাজার মার্কিন ডলারের পুরস্কার তহবিল নিয়ে গ্র্যান্ড সুইস দাবা ক্যালেন্ডারের অন্যতম বড় আসর। ওপেন বিভাগে ১১৬ জন দাবাড়ু, যার নেতৃত্বে ভারতের তিন তারকা—প্রজ্ঞানন্দ, অর্জুন, গুকেশ। শীর্ষ দুই দাবাড়ু ছাব্বিশের ক্যান্ডিডেটস টুর্নামেন্টে নামার যোগ্যতা অর্জন করবেন। সেখানেই থেকে ঠিক হবে বিশ্বচ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার। ওপেন সেকশনে আপাতত ফ্রান্সের আলিরেজা ফিরৌজা (Alireza Firouzja), ইরানের পারহাম মাগসুদলু (Parham Maghsoodloo) আর স্লোভেনিয়ার আন্তন দেমচেঙ্কো (Anton Demchenko) দুই পয়েন্ট নিয়ে এগিয়ে।