ভারত-পাকিস্তান মহারণের টিকিট বিক্রি শুরু হতেই হুড়োহুড়ি, চাপ সামলাতে না পেরে ক্র্যাশ করল বুক মাই শো। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে।

ভারত-পাক ম্যাচ
শেষ আপডেট: 15 January 2026 16:18
দ্য ওয়াল ব্যুরো: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ (T20 World Cup 2026) ঘিরে উন্মাদনা তুঙ্গে। বুধবার, ১৪ জানুয়ারি শুরু হয় টিকিট বিক্রির দ্বিতীয় দফা। এই পর্বেই প্রথমবারের জন্য খোলে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণের টিকিট। আর প্রত্যাশামতো, মিনিটের মধ্যে হুড়োহুড়ি। এতটাই চাপ পড়ে যে বুকমাইশো (BookMyShow)-এর সার্ভার কার্যত ধসে পড়ে।
টিকিট লাইভ হওয়ার সঙ্গে সঙ্গেই অনলাইন প্ল্যাটফর্মে একসঙ্গে বিপুল সংখ্যক অনুরোধ জমা পড়ে। তার জেরে কিছুক্ষণের মধ্যেই পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে ওই সংস্থার। বহু দর্শক টিকিট বুকিংয়ের মাঝপথেই সমস্যার মুখে পড়েন।
এই ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনার কারণ মাঠের বাইরের পরিস্থিতিও। গত বছর সীমান্ত উত্তেজনা চরমে ওঠার পর থেকে ভারত ও পাকিস্তানের (India-Pakistan relations) ক্রিকেট সম্পর্ক তলানিতে। পহেলগাম (Pahalgam) হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারত চালায় অপারেশন সিঁদুর (Operation Sindoor)। তার পর থেকেই দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সৌজন্য বিনিময় কার্যত বন্ধ।
গত এশিয়া কাপেও (Asia Cup) তার স্পষ্ট ছাপ দেখা গিয়েছিল। একাধিকবার মুখোমুখি হলেও ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা হাত মেলাননি। তিনবারের সাক্ষাতে—ফাইনালসহ—সবক’টিতেই পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে আমাদের দেশ। তবে নাটক সেখানেই শেষ নয়। এসিসি (ACC) প্রধান মহসিন নাকভির (Mohsin Naqvi) হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারতীয় দল। উল্লেখ্য, নাকভি একই সঙ্গে পিসিবি (PCB) প্রধান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। সেই এশিয়া কাপ ট্রফি এখনও দুবাইয়ের (Dubai) এসিসি অফিসেই তালাবন্ধ হয়ে পড়ে আছে।
এখন এই আবহে প্রশ্ন উঠছে, টি-টোয়েন্টি বিশ্বকাপেও কি চলবে ‘নো-হ্যান্ডশেক’ (No Handshake Policy) পলিসি? সূত্রের খবর, এশিয়া কাপের মতো এখানেও খেলোয়াড়দের মধ্যে সৌজন্য বিনিময় না-ও হতে পারে। অর্থাৎ মাঠের লড়াইয়ের পাশাপাশি উত্তাপ থাকবে আবহাওয়াতেও।
ভারত-পাকিস্তান ম্যাচটি হবে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর (Colombo) আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium)। পাকিস্তানের এটি লিগ পর্বের তৃতীয় ম্যাচ। তারা টুর্নামেন্ট শুরু করবে নেদারল্যান্ডসের (Netherlands) বিরুদ্ধে, তারপর মুখোমুখি হবে আমেরিকার (USA) সঙ্গে, যে দল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ছিটকে দিয়েছিল।
অন্যদিকে, ভারতের অভিযান শুরু ৭ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ আমেরিকা (USA)। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে (Delhi) নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। তবে সব সরিয়ে, বিশ্বকাপ শুরুর আগেই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে দ্রুত।