হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। প্রায় পাঁচ বছর আগেই নাগরিকত্ব বদলের সম্ভাবনা খতিয়ে দেখেছিলেন বাজওয়া। অর্থাৎ, এটা দীর্ঘদিনের ভাবনাচিন্তার ফল।

অঙ্গদ সিং বাজওয়া
শেষ আপডেট: 7 January 2026 14:14
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় শুটিংয়ে নীরব কিন্তু গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের ইতি। এশিয়ান গেমসে পদকজয়ী স্কিট শ্যুটার অঙ্গদ বীর সিং বাজওয়া (Angad Vir Singh Bajwa) আন্তর্জাতিক মঞ্চে আর ভারতের হয়ে খেলবেন না। ভবিষ্যতে তাঁর পরিচয় লেখা হবে কানাডার শ্যুটার হিসেবে। জাতীয় শ্যুটিং সংস্থার সবুজ সংকেত পেয়ে ৩০ বছরের এই অলিম্পিয়ান নিজেই সোশ্যাল মিডিয়ায় সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।
জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা এনআরএআই (National Rifle Association of India) ইতিমধ্যেই অঙ্গদকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দিয়েছে। অর্থাৎ, প্রশাসনিক দিক থেকে আর কোনও বাধা নেই। নিয়ম মেনে বাজওয়া এখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় কানাডার হয়ে নামতে পারবেন।
কেন এই সিদ্ধান্ত?
তলিয়ে দেখলে ঘোষণায় কোনও নাটক নেই। মিশে নেই কোনও আবেগঘন বিদায়বার্তাও! বাজওয়ার ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, বিষয়টা পুরোপুরি ব্যক্তিগত ও বাস্তব। তাঁর পরিবার দীর্ঘদিন ধরেই কানাডায় থাকেন। বাবা গুরপাল সিং বাজওয়া (Gurpal Singh Bajwa) সেখানে ব্যবসার সঙ্গে যুক্ত। প্রশিক্ষণ, জীবনযাপন, ভবিষ্যৎ পরিকল্পনা—সব মিলিয়ে কানাডাই এখন তাঁর উপযুক্ত ‘বেস’।
যে কারণে হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। প্রায় পাঁচ বছর আগেই নাগরিকত্ব বদলের সম্ভাবনা খতিয়ে দেখেছিলেন বাজওয়া। অর্থাৎ, এটা দীর্ঘদিনের ভাবনাচিন্তার ফল। ভারতের হয়ে খেলার দরজা বন্ধ হয়ে যাওয়ার ভয় বা ফর্ম হারানোর আতঙ্ক—এমন কোনও ইঙ্গিত মেলেনি। বরং, নিজের কেরিয়ারকে স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার সচেতন চেষ্টা।
এনআরএআই-এর সাধারণ সম্পাদক পবন সিং (Pawan Singh) স্পষ্ট ভাষায় বলেছেন, ‘আমরা কাউকে আটকাতে পারি না। এটা ব্যক্তিগত পছন্দের বিষয়। বাজওয়ার চলে যাওয়া আমাদের জন্য ক্ষতি, কিন্তু দেশের শ্যুটিংয়ের বিকল্প প্রতিভার অভাব নেই।’
পারফরম্যান্সে ভাটা নেই, তবু বদল
উল্লেখযোগ্য বিষয়, বাজওয়া এখনও প্রতিযোগিতামূলক শ্যুটার। সম্প্রতি দিল্লির ডক্টর কর্ণী সিং শ্যুটিং রেঞ্জে (Dr Karni Singh Shooting Range) জাতীয় চ্যাম্পিয়নশিপে পুরুষদের স্কিটে চতুর্থ হন। অল্পের জন্য ছিটকে যান পডিয়াম থেকে।
এর আগে ২০১৩ সালে প্রতিযোগিতামূলক শ্যুটিং শুরু করে দ্রুত নজর কাড়েন তিনি। ২০১৫ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে (Asian Shooting Championships) জুনিয়র বিভাগে সোনা। ২০১৮ সালে এশিয়ান শটগান চ্যাম্পিয়নশিপে (Asian Shotgun Championships) সিনিয়র বিভাগে ৬০/৬০ স্কোর করে ঐতিহাসিক গোল্ড মেডেল (ভারতের প্রথম)। ২০১৯ সালে ফের সোনা জিতে টোকিও অলিম্পিক (Tokyo Olympics 2020) কোটা নিশ্চিত করেন। অলিম্পিকে ফলাফল খুব উজ্জ্বল না হলেও ঝুলিতে যোগ হয় বড় মঞ্চে নামার অভিজ্ঞতা। ২০২৩ হাংঝৌ এশিয়ান গেমসে (Asian Games Hangzhou 2023) দলগত বিভাগে ব্রোঞ্জও রয়েছে তাঁর নামের পাশে।
ভারতের শ্যুটিংয়ে বার্তা
এই বদল ভারতীয় শুটিংয়ের জন্য সতর্কবার্তা নয়, বরং নিখাদ বাস্তবের প্রতিফলন। আন্তর্জাতিক খেলাধুলায় আজ কেরিয়ার মানে শুধু পারফরম্যান্স নয়—পরিকাঠামো, পারিবারিক সাপোর্ট, দীর্ঘমেয়াদি পরিকল্পনাও সমান গুরুত্বপূর্ণ। বাজওয়ার সিদ্ধান্ত সেই কঠিন সত্যটাই মনে করিয়ে দিল। সব মিলিয়ে ভারত একজন প্রতিষ্ঠিত স্কিট শুটারকে হারাল। কানাডা পেল অভিজ্ঞ এক আন্তর্জাতিক মানের অ্যাথলিট। আর বাজওয়া? তিনি বেছে নিলেন নিজের সুবিধা ও ভবিষ্যৎকে। আবেগ নয়, হিসেবের অঙ্কে মিলিয়ে নেওয়া এক সচেতন সিদ্ধান্ত।