দিল্লির সিমরান মহিলাদের টি-১২ ১০০ মিটার স্প্রিন্টে খেতাব জেতার জন্য সময় নিয়েছেন ১১.৯৫ সেকেন্ড, যা তাঁর ব্যক্তিগত সেরা।

সিমরান ও নিষাদ
শেষ আপডেট: 4 October 2025 17:05
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Para Athletics 2025) সোনা জিতে চমকে দিলেন নিষাদ কুমার এবং সিমরান শর্মা (Nishad Kumar and Simran Sharma win gold)। তাঁরা যথাক্রমে জিতেছেন হাই জাম্প এবং ১০০ মিটার স্প্রিন্টে। পাশাপাশি প্রীতি পাল এবং প্রদীপ কুমার ২০০ মিটার দৌড় এবং ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ পদক জিতেছেন।
ছয়টি সোনা, পাঁচটি রুপো এবং চারটি ব্রোঞ্জ পদক নিয়ে ভারত বর্তমানে রয়েছে পদক তালিকার চতুর্থ স্থানে। ভারত জাপানের কোবেতে গত চ্যাম্পিয়নশিপে পেয়েছিল ১৭টি পদক। এবারের চ্যাম্পিয়নশিপের আরও দুই দিন বাকি রয়েছে। আশা করা যায় ভারত এবার সেই সংখ্যা অতিক্রম করে নতুন রেকর্ড গড়বে।
দিল্লির সিমরান মহিলাদের টি-১২ ১০০ মিটার স্প্রিন্টে খেতাব জেতার জন্য সময় নিয়েছেন ১১.৯৫ সেকেন্ড, যা তাঁর ব্যক্তিগত সেরা। সিমরান এবার নামবেন ২০০ মিটার দৌড়ে। জাপানে অনুষ্ঠিত সর্বশেষ চ্যাম্পিয়নশিপেও এই প্যারা অ্যাথলিট ২০০ মিটারে সোনা জিতেছিলেন। পাশাপাশি ২০২৪ প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।
নির্দিষ্ট সময়ের প্রায় আড়াই মাস আগেই জন্ম হয়েছিল সিমরানের। ২৫ বছর বয়সি সিমরানের রয়েছে দৃষ্টি প্রতিবন্ধকতা। তিনি দিল্লির জেএলএন স্টেডিয়ামে অনুশীলন করেন। জন্মের পর সিমরান ছয় মাস ধরে ইনকিউবেটরে ছিলেন। এরপর বাবার সহায়তায় আজ তিনি সাফল্যের শিখরে পৌঁছেছেন।
হিমাচল প্রদেশের উনায় বসবাসকারী নিশাদের এদিনই ছিল ২৬তম জন্মদিন। আর এই বিশেষ দিনেই পুরুষদের হাই জাম্প টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন তিনি। ছয় বছর বয়সে দুর্ঘটনায় তিনি তাঁর ডান হাত হারান। তিনি ২.১৪ মিটার পারফর্ম করে এশিয়ান রেকর্ড গড়েছেন। নিশাদ টোকিও এবং প্যারিস প্যারালিম্পিক্সে রুপো, ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এবং ২০২৩ সালে রুপো জিতেছিলেন।
এদিকে, মহিলাদের ২০০ মিটার টি-৩৫ ফাইনালে প্রীতি ৩০.০৩ সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। পাশাপাশি ডিসকাস থ্রোতে প্রদীপ ৪৬.২৩ মিটার ছুড়ে ব্রোঞ্জ জিতেছেন।