দল অপরিবর্তিত থাকলেও, আসল লক্ষ্য এখন ভবিষ্যতের দিকে—যেখানে নতুন মুখের সঙ্গে পুরনো অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি হচ্ছে টিম ইন্ডিয়ার নয়া ছক।

টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 4 October 2025 16:05
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়া সফরের (Australia) জন্য ভারতীয় টি-২০ দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। যেখানে আসল চমক—হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) জায়গা পেলেন না! চোটের কারণে আপাতত বাইরে টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য অলরাউন্ডার, যিনি এশিয়া কাপ (Asia Cup 2025) ফাইনালের আগেই চোট পেয়ে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে যান। নির্বাচকরা জানাচ্ছেন, হার্দিক এখন পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন এবং আগামী সপ্তাহে ‘সেন্টার অফ এক্সেলেন্সে’ (Centre of Excellence) শুরু করবেন রিহ্যাব।
তাঁর জায়গায় দলে ঢুকেছেন তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। সঙ্গে ওয়াশিংটন সুন্দরকেও (Washington Sundar) ফিরিয়ে আনা হয়েছে। বাকি দল প্রায় অপরিবর্তিত—এশিয়া কাপজয়ী স্কোয়াডকেই পারতপক্ষে ধরে রাখা হয়েছে। নেতৃত্বে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন সদ্য ওয়ানডে টিমের দায়িত্ব পাওয়া শুভমান গিল (Shubman Gill)। ওপেনিংয়ে তাঁর সঙ্গে নামতে দেখা যেতে পারে অভিষেক শর্মাকে (Abhishek Sharma)। উইকেটরক্ষকের দায়িত্বে সঞ্জু স্যামসন (Sanju Samson) ও জিতেশ শর্মা (Jitesh Sharma)।
সবচেয়ে বড় খবর, পেস আক্রমণের দায়িত্বে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ওয়ানডে স্কোয়াড থেকে বিশ্রাম দেওয়া হলেও, টি-২০ সিরিজে তাঁকে রাখা হয়েছে নেতৃত্বের মূল ভরসা হিসেবে। প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) জানান, চাপের কথা মাথায় রেখে বুমরাহকে ওয়ানডে টিমে নেওয়া হয়নি। তাঁর কথায়, ‘আমরা আগেই তাঁকে একদিনের সিরিজ থেকে বিশ্রাম দিয়েছি। যতটা সম্ভব ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করা জরুরি, যাতে চোটের ঝুঁকি না বাড়ে। অন্য বোলারদের ক্ষেত্রেও একই নীতি মানা হচ্ছে!’ পাশপাশি জানিয়ে দেন, হার্দিকের ফিটনেস নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হবে না। আগরকরের সংযোজন, ‘এশিয়া কাপের আগে যে চোট পেয়েছিল, তার থেকে পুরোপুরি সেরে ওঠেনি। তাই ওকে সময় দিচ্ছি। এই সিরিজে নীতীশ কুমারের জায়গা তৈরি হয়েছে!’
পাঁচ ম্যাচের এই টি-২০ সিরিজ থেকেই আগামী বছরের ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) প্রস্তুতি শুরু করবে ভারত। সুতরাং, দল অপরিবর্তিত থাকলেও, আসল লক্ষ্য এখন ভবিষ্যতের দিকে—যেখানে নতুন মুখের সঙ্গে পুরনো অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি হচ্ছে টিম ইন্ডিয়ার নয়া ছক।
অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় টি-২০ দল:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্ত্তী, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, হর্ষিত রানা।