প্রাক্তন বিশ্ব নম্বর-১ নম্বর এবং ২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের রানার্স শ্রীকান্ত তাঁর শক্তিশালী নেট প্লে এবং আক্রমণাত্মক শট দিয়ে এই ম্যাচে তানাকাকে কোনও সুযোগ দেননি।

কিদাম্বি শ্রীকান্ত
শেষ আপডেট: 24 May 2025 18:52
দ্য ওয়াল ব্যুরো: একসময় বিশ্বের একনম্বর শাটলার ছিলেন কিদাম্বী শ্রীকান্ত (Kidambi Srikanth)। কিন্তু বারবার চোট-আঘাত তাঁর কেরিয়ারে উত্থান-পতন এনেছে। কিন্তু নিজের দিনে যে কোনও প্রতিপক্ষকে হেলায় উড়িয়ে দিতে পারেন তিনি। মালয়েশিয়া মাস্টার্স সুপার ৫০০ (Malaysia Masters Super 500) টুর্নামেন্টের ফাইনালে (Final) পৌঁছে আবারও দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত।
প্রায় ছয় বছরের মধ্যে এই প্রথম শ্রীকান্ত বিডব্লিউএফ (BWF) ওয়ার্ল্ড ট্যুরের পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। শনিবার সেমিফাইনালে তিনি জাপানের ইউশি তানাকাকে ২১-১৮, ২৪-২২ ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠেছেন।
প্রাক্তন বিশ্ব নম্বর-১ নম্বর এবং ২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের রানার্স শ্রীকান্ত তাঁর শক্তিশালী নেট প্লে এবং আক্রমণাত্মক শট দিয়ে এই ম্যাচে তানাকাকে কোনও সুযোগ দেননি। এই বছর এটি ছিল তাঁর প্রথম সেমিফাইনাল ম্যাচ, যা তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জিতে ফাইনালে প্রবেশ করেছেন।
২০১৯ সালের পর প্রথম মেজর ফাইনাল
শ্রীকান্ত শেষবার ২০১৯ সালে ইন্ডিয়া ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন। সেখানে তাঁকে অবশ্য রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। এরপর এটিই হবে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুরে তাঁর প্রথম ফাইনাল।
এক মরশুমে চারটি বড় খেতাব জয়ী শ্রীকান্ত গত কয়েক বছর ধরে যেন নিজেকে খুঁজে পাচ্ছিলেন না। যার জেরে তাঁর বর্তমানে বিশ্ব র্যাঙ্কিং ৬৫।
শুক্রবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে তিনি বিশ্বের ১৮ নম্বর টোমা জুনিয়র পপোভকে ২৪-২২, ১৭-২১, ২২-২০ গেমে পরাজিত করে সেমিফাইনালে উঠেছিলেন। এই ম্যাচটি এক ঘণ্টা ১৪ মিনিট স্থায়ী হয়েছিল।
ভারতের একমাত্র আশা
মালয়েশিয়া মাস্টার্সে শ্রীকান্ত বর্তমানে ভারতের একমাত্র আশা। টুর্নামেন্টে ধ্রুব কপিলা এবং তানিশা ক্রাস্টোর মিক্সড ডাবলস জুটি কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয়। তাঁরা শীর্ষ বাছাই চিনা জুটি জিয়াং ঝেন বাং এবং ওয়েই ইয়া জিনের বিরুদ্ধে কঠিন লড়াই করেও ম্যাচটি ২২-২৪, ১৩-২১ ব্যবধানে হেরে যায়। এই টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছিলেন পিভি সিন্ধু, এইচএস প্রণয়ের মতো তারকারা।
ফাইনালে শ্রীকান্ত খেলবেন জাপানের কোডাই নারাওকা এবং চিনের লি শি ফেংয়ের মধ্যে ম্যাচের বিজয়ীর সঙ্গে।