রবিবার আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্ব দেবেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া।

নীরজ চোপড়া
শেষ আপডেট: 1 September 2025 14:34
দ্য ওয়াল ব্যুরো: আগামী মাসে টোকিওতে অনুষ্ঠিত হবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (World Athletics Championships)। ১৩ সেপ্টেম্বর শুরু হবে প্রতিযোগিতা, শেষদিন ২১ সেপ্টেম্বর। রবিবার (৩১ অগস্ট) আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্ব দেবেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra Lead India)।
ঘোষিত ভারতীয় দলে রয়েছে পুরুষ জ্যাভলারদেরই আধিপত্য। অলিম্পিক্সে জোড়া পদকজয়ী নীরজের পারফরম্যান্সের ফলে যে ভারতীয় জ্যাভলিনে বিপ্লব এসেছে, আর এটা তারই প্রতিফলন। দলে নীরজ ছাড়াও জ্যাভলার হিসাবে রয়েছেন শচীন যাদব, যশবীর সিং এবং রোহিত যাদব।
মূল দলে স্থান পেলেও প্রাথমিক গ্রুপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিলেন রোহিত। তবে, বিশ্ব অ্যাথলেটিক্স তিনি আমন্ত্রণ পেয়েছেন র্যাঙ্কিংয়ে তাঁর উপরে থাকা প্রতিযোগীরা নাম প্রত্যাহার করে নেওয়ায়। গত টুর্নামেন্টেও চারজন ভারতীয় যোগ্যতা অর্জন করেছিলেন। কিন্তু রোহিত চোটের কারণে বাদ পড়েছিলেন।
নীরজ চোপড়া ২০২৩ সালে বুদাপেস্টে শেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। সেবার দুই ভারতীয় জ্যাভলার কিশোর জেনা এবং ডিপি মানু যথাক্রমে পঞ্চম এবং ষষ্ঠ স্থান অর্জন করেন।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো, চারজন ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের একই ইভেন্টে অংশগ্রহণ করবেন। বর্তমান চ্যাম্পিয়ন হিসাবে, ২৭ বছর বয়সি নীরজ চোপড়া ওয়াইল্ড কার্ডের মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করেছেন। এর ফলে আরও তিনজন ভারতীয় জ্যাভলারের সামনে সুযোগ এসে যায়। যে কোনও দেশ একটি ইভেন্টে সর্বোচ্চ তিনজন অংশগ্রহণকারীকে অন্তর্ভুক্ত করার অনুমতি পায়, কিন্তু যদি কোনও খেলোয়াড় ওয়াইল্ড কার্ডের মাধ্যমে প্রতিযোগিতায় স্থান পান, তাহলে এই সংখ্যা চারজন হতে পারে।
অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার (AFI) মুখপাত্র আদিল সুমারিওয়ালা একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বলেন, "আমি বিশেষভাবে খুশি যে, আমাদের চারজন পুরুষ জ্যাভলিন থ্রোয়ার যোগ্যতা অর্জন করেছেন। আমরা আশা করি এবারও তাঁরা সবাই ফাইনালে উঠবেন। গতবারও চারজন খেলোয়াড় ছিলেন, কিন্তু রোহিত যাদব আহত হওয়ায় ফিল্ডে নামতে পারেননি। তবে ফাইনালে তিন ভারতীয় জ্যাভলারই শীর্ষ ছয়জনের মধ্যে ছিলেন।"
এএফআই সিনিয়র সিলেকশন কমিটির একটি বৈঠকের পর ভারতীয় দল নির্বাচন হয়েছে। দলে পাঁচজন মহিলাও রয়েছেন। পুরুষদের ১১০ মিটার হার্ডলসের তেজস শিরসে এবং পুরুষদের ৩৫ কিলোমিটার ওয়াকিংয়ে সন্দীপ কুমারকে শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত করা হয়। অন্যান্য অংশগ্রহণকারীদের প্রত্যাহারের কারণে তাঁরা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স থেকে আমন্ত্রণও পেয়েছিলেন।
যোগ্যতাস্তর অর্জন করে যে কোনও অ্যাথলিট স্বয়ংক্রিয়ভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করতে পারেন। প্রতিটি ইভেন্টের জন্য ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স দ্বারা পূর্বনির্ধারিত প্রয়োজনীয় সংখ্যা পূরণের জন্য বাকি স্থানগুলি ওয়ার্ল্ড র্যাঙ্কিং কোটার মাধ্যমে দেওয়া হয়।
ভারত ২০২৩ সালে হাঙ্গেরিতে অনুষ্ঠিত সর্বশেষ টুর্নামেন্টে ২৮ জন ক্রীড়াবিদকে পাঠিয়েছিল, যার মধ্যে সাতজন রিলে রানারও ছিলেন। তবে এবার ভারত কোনও রিলে ইভেন্টের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। নীরজ ২০২৩ সালে বুদাপেস্টে সোনা জিতেছিলেন। পরিসংখ্যান বলছে এবারও নীরজ ছাড়া আর কোনও অ্যাথলিটের পদক জয়ের সম্ভাবনা নেই। পুরুষদের ২০ কিলোমিটার হাঁটায় অক্ষদীপ সিংয়ের নাম বিশ্ব র্যাঙ্কিংয়ে যোগ্যতা অর্জনের পরেও অন্তর্ভুক্ত করা হয়নি, কারণ তাঁর চোট রয়েছে।
ভারতীয় পুরুষ দল:
নীরজ চোপড়া, শচীন যাদব, যশবীর সিং এবং রোহিত যাদব (পুরুষদের জ্যাভলিন থ্রো)। মুরলী শ্রীশঙ্কর (পুরুষদের লং জাম্প), গুলবীর সিং (পুরুষদের ৫,০০০ মিটার এবং ১০,০০০ মিটার), প্রবীণ চিত্রাভেল এবং আবদুল্লাহ আবুবকর (পুরুষদের ট্রিপল জাম্প), সর্বেশ অনিল কুশারে (পুরুষদের হাই জাম্প), অনিমেষ কুজুর (পুরুষদের ২০০ মিটার), তেজস শিরসে (পুরুষদের ১১০ মিটার হার্ডলস), সার্ভিন সেবাস্তিয়ান (পুরুষদের ২০ কিমি হাঁটা), রাম বাবু এবং সন্দীপ কুমার (পুরুষদের ৩৫ কিমি হাঁটা)।
ভারতীয় মহিলা দল:
পারুল চৌধুরী এবং অঙ্কিতা ধ্যানী (মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ), আন্নু রানি (মহিলাদের জ্যাভলিন থ্রো), প্রিয়াঙ্কা গোস্বামী (মহিলাদের ৩৫ কিমি হাঁটা), পূজা (মহিলাদের ৮০০ মিটার এবং ১৫০০ মিটার)।