যদি ব্যথা একটানা হতে থাকে, অজানা কারণে তা ক্রমশ বাড়তে থাকে, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 7 November 2025 12:11
দ্য ওয়াল ব্যুরো: দৈনন্দিন জীবনের ক্লান্তি, কাজের চাপ, কিংবা বয়স - এসবের কারণে মাঝে মাঝেই শরীরে এদিক ওদিক ব্যথা (pain) লেগেই থাকে। বেশিরভাগ সময়েই আমরা সেটাকে তেমন গুরুত্ব দিই না। কিন্তু সেই সামান্য ব্যথাই কখনও কখনও মারণরোগের উপসর্গ হয়ে দাঁড়ায়, জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
৩৫ বছরের বিসমা লালজি, যিনি এখন এক জন ইন্টিগ্রেটিভ ক্যানসার রিকভারি কোচ - ফিরে এসেছেন স্টেজ ৪ ব্রেস্ট ক্যানসারের (stgae 4 breast cancer) মুখ থেকে, তাঁর জীবনও এমনই এক অভিজ্ঞতার সাক্ষী।
বিসমা প্রথমে ভেবেছিলেন তাঁর পিঠে ব্যথা (back pain) হয়তো অতিরিক্ত কাজ বা স্ট্রেসের কারণে হচ্ছে। কিন্তু সেটাই যে তাঁর শরীরে বাসা বাঁধতে থাকা মারণ রোগের প্রথম সংকেত ছিল, বুঝতে খানিক দেরি হয়েছিল বিসমার।
বিসমা জানান, অফিসের জুম মিটিংয়ে হঠাৎ করেই পিঠে ভয়ানক ব্যথা শুরু হয়। ভেবেছিলেন হয়তো পেশীর টান।
কিন্তু কয়েক মিনিটের মধ্যেই অবস্থার অবনতি হয়। “আমি চিৎকার করছিলাম, কিন্তু মা রান্নাঘরে ছিলেন, শুনতে পাননি। আমার কুকুর ‘বেলা’ ঘেউ ঘেউ করতে শুরু করে, তখনই মা ছুটে আসেন,” বলেন বিসমা।
তাঁর তখন এমন অবস্থা যে, মাত্র ২০ ফুট দূরের ঘরে পৌঁছাতে ১৫ মিনিট লেগেছিল। হাঁটতে পারছিলেন না ঠিক মতো।
প্রথমে পরিবার নিজের মতো করে চেষ্টা করেছিল। ঘরোয়া উপায়ে ম্যাসাজ, ফল খাওয়ানো, বিশ্রাম - কিছুই কাজ করেনি। পরে বাবার জোরাজুরিতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন জানা যায়, বিসমার স্টেজ ৪ ব্রেস্ট ক্যানসার রয়েছে, যা ইতিমধ্যেই মেরুদণ্ডেও ছড়িয়ে পড়েছে।
বিসমার এই কাহিনিতে যে গুরুত্বপূর্ণ বার্তাটি রয়েছে, তা আবারও প্রমাণ করে সব ক্যানসারের উপসর্গ স্তনে ফোলাভাব বা স্বাভাবিক চোখে ধরা পড়ার মতো কোনওরকম অস্বাভাবিকতায় দেখা দেয় না। কখনও কখনও স্থায়ী পিঠের ব্যথা বা অস্বাভাবিক ক্লান্তিও হতে পারে বিশেষ সংকেত।
তিনি বলেন, “আমি তখন ভাবতাম একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু শরীরের ছোট ছোট অস্বস্তিকেও গুরুত্ব দেওয়া উচিত। ওটাই হয়তো জীবন বাঁচাতে পারে।”
বৈজ্ঞানিক গবেষণাও বলছে একই কথা
২০১৭ সালের সেপ্টেম্বর মাসে Journal of Chiropractic Medicine-এ প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, স্থায়ী বা অজানা উৎস থেকে আসা পিঠের ব্যথা অনেক সময় মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যানসারের ইঙ্গিত হতে পারে, বিশেষত যখন ক্যানসারটি হাড় বা মেরুদণ্ডে ছড়িয়ে পড়ে।
গবেষকরা বলেছেন, সাধারণত পিঠে ব্যথা হয় মাংসপেশীর টান বা ভুল ভঙ্গিতে বসার কারণে, কিন্তু যদি ব্যথা একটানা হতে থাকে, অজানা কারণে তা ক্রমশ বাড়তে থাকে, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।