নতুন বছর পড়তেই সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ফিরে দেখা ১০ বছর আগের মুহূর্ত। ‘২০২৬ ইজ দ্য নিউ ২০১৬’ ট্রেন্ডের নেপথ্যে লুকিয়ে কী?
.jpeg.webp)
২০১৬-এ সেলেবরা যেমন ছিলেন
শেষ আপডেট: 18 January 2026 12:41
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর (New Year) শুরু হতেই যেন সময়ের কাঁটা হঠাৎ করে দশ বছর পিছিয়ে গেল। ১ জানুয়ারি গোটা দুনিয়া যখন ২০২৬-কে (2026) স্বাগত জানাল আলো-আতশবাজি আর নতুন স্বপ্ন নিয়ে, ঠিক তার এক সপ্তাহের মধ্যেই সোশ্যাল মিডিয়া (Social Media) ভরে উঠল ২০১৬-র (2016) ছবিতে। সেলেব (Celebrity) থেকে ইনফ্লুয়েন্সার (Influencer)—কেউ বাদ নেই। ইনস্টাগ্রাম (Instagram), টিকটক (TikTok), ফেসবুক (Facebook) খুললেই চোখে পড়ছে দশ বছর আগের স্মৃতিচারণা। ক্যাপশনে সকলের প্রায় একই কথা,‘২০২৬ ইজ দ্য নিউ ২০১৬’ (2026 is the new 2016)।
কিন্তু হঠাৎ কেন এই নস্টালজিয়া (Nostalgia)? কেনই বা গোটা দুনিয়া একসঙ্গে ফিরে তাকাচ্ছে ২০১৬-র দিকে?
বিবিসি (BBC)-র এক রিপোর্ট বলছে, ২০২৬-এর প্রথম সপ্তাহেই টিকটকে ‘২০১৬’ সার্চ বেড়েছে প্রায় ৪৫২ শতাংশ। শুধু তাই নয়, ওই বছরকে ঘিরে তৈরি বিশেষ ফিল্টার (Filter) ব্যবহার করে ইতিমধ্যেই ৫ কোটি ৫০ লক্ষেরও বেশি ভিডিও (Video) পোস্ট হয়েছে। স্পষ্ট, এটা নিছক ট্রেন্ড নয়—এ যেন এক ধরনের সময়কে রিসেট (Reset) করার চেষ্টা।
গত এক দশকে বিশ্ব দেখেছে একের পর এক ধাক্কা। যুদ্ধ (War), অতিমারি (Pandemic), কোভিড-১৯ (COVID-19)-এর জেরে দীর্ঘ লকডাউন (Lockdown), তার পর বিশ্বজোড়া অর্থনৈতিক টানাপড়েন (Economic Downturn)। এই বাস্তবতার মাঝেই অনেকের কাছে ২০১৬ মানে ছিল তুলনামূলকভাবে ভাল সময়। দায়িত্ব কম, উদ্বেগ কম, জীবন অনেকটা সহজ।
অনেকের জীবনে ২০১৬ ছিল টার্নিং পয়েন্ট (Turning Point)। সেই বছরই করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) জীবনে এসেছিল মাতৃত্বের খবর, ‘ইয়ার অফ দ্য বাম্প’ (Year of the Bump)। আলিয়া ভাট (Alia Bhatt) শুট করেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)-এর সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’ (Dear Zindagi)। বহু ইনফ্লুয়েন্সারের কেরিয়ার (Career) শুরু হয়েছিল সেই সময়েই। আজ দশ বছর পূর্তিতে তাঁরা ফিরে তাকাচ্ছেন শুরুর দিনগুলোর দিকে।
সোশ্যাল মিডিয়ার সেই সময়টাও ছিল আলাদা। ২০১৬ মানেই অ্যানিমাল ফিল্টার (Animal Filter), ফুলের মুকুট (Floral Tiara), নানা মজার ইফেক্ট (Effect)। অনন্যা পাণ্ডে (Ananya Panday)-র ফুলের মুকুট পরা পুরনো ছবি নতুন করে ভাইরাল (Viral) হয়েছে এই ট্রেন্ডে।
ফ্যাশনের (Fashion) দুনিয়াতেও সময় বদলেছে। ২০১৬-তে হাই পাফ হেয়ারডু (High Puff Hairdo), চোখে গাঢ় কাজল (Kohl-lined Eyes), চুলে হাইলাইট (Highlights)—এই ছিল স্টাইল স্টেটমেন্ট (Style Statement)। লেয়ার্ড টপ (Layered Top) আর জিন্স (Jeans)–পেপলম টপ (Peplum Top) ছিল প্রায় সকলের পছন্দ। আজ ছবিটা একেবারেই আলাদা। মিনিমাল মেকআপ (Minimal Makeup), আরামদায়ক কো-অর্ড সেট (Co-ord Set), হ্যান্ডলুম (Handloom), ওয়াইড-লেগ কোরিয়ান প্যান্ট (Wide-leg Korean Pants)—সবচেয়ে বড় কথা, নিজের স্বাভাবিক চুলের টেক্সচার (Hair Texture) মেনে নেওয়ার প্রবণতা।
এই ‘২০১৬-এ ফিরে যাওয়া’ আসলে কারও কাছে নিজের পথচলার হিসেব। আবার কারও কাছে দায়িত্বহীন, সহজ জীবনের প্রতি একরাশ হাহাকার। অবশ্য সেই সময়ও সব নিখুঁত ছিল না। সমস্যাও ছিল, লড়াইও ছিল। কিন্তু আজ রোজ-টিন্টেড চশমা (Rose-tinted Glasses) আর ফিল্টারের আড়ালে ২০১৬ যেন শুধুই ভাল সময়ের প্রতীক।
এই নস্টালজিক পোস্টগুলোর মধ্যেই লুকিয়ে রয়েছে একটা আশা- ২০২৬ হয়তো নতুন করে শুরু করার বছর হবে। এমন কিছু মুহূর্ত উপহার দেবে, যেগুলো দশ বছর পরে ফিরে তাকিয়ে আবার গর্বের সঙ্গে বলা যাবে—এই সময়টাই ছিল সবচেয়ে স্পেশাল।